Advertisement
E-Paper

কালবৈশাখী আসছে! ৫০-৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দক্ষিণের ১২টি জেলায়, কবে থেকে স্বস্তির বৃষ্টি?

উত্তর-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৭:৩৫
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে। —ফাইল চিত্র।

তীব্র গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৪০ ডিগ্রির গণ্ডি। তার মধ্যেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কালবৈশাখী ঝড়ও হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে গরমের অস্বস্তি জারি থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এর ফলে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস রাজ্যে প্রবেশ করছে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে এর পাশাপাশি স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে পশ্চিম বর্ধমানে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে গরমের অস্বস্তির সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা রয়েছে শুক্রবারও। তবে তার পর থেকে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর। ঝোড়ো হাওয়া থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। দক্ষিণবঙ্গের অন্তত ১২টি জেলায় শনিবার থেকে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের অস্বস্তিও থাকবে।

রবিবার: ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে।

সোমবার: দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়়া, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। দক্ষিণের বাকি জেলায় হাওয়ার বেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার।

মঙ্গলবার: হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়়ের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে বাকি জেলাতেও।

বুধবার: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। রবিবার এবং সোমবার শহরে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার। বুধবার পর্যন্ত তা চলবে। বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে শহরে। তার ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে। কিন্তু গরমের অস্বস্তি থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে শনিবার থেকে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়িতে। সঙ্গে উত্তরের অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। সোমবার পর্যন্ত ভারী বর্ষণ চলতে পারে উত্তরের একাধিক জেলায়।

West Bengal Weather Weather Forecast Weather Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy