বনভোজন করে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষিকার। বুধবার হুগলি জেলার উত্তরপাড়ার ঘটনা। মৃতার নাম সরবজিৎ কৌর (৩২)।
চন্দন নগরের নিউ দিঘা উদ্যানে বেশ কয়েক জন শিক্ষিকার সঙ্গে বনভোজনে গিয়েছিলেন সরবজিৎ। ট্রেনে করে সন্ধ্যায় ফিরেও আসছিলেন সকলে। উত্তরপাড়া স্টেশনে নেমে রেল লাইন পার হতে যাচ্ছিলেন সরবজিৎ। তখনই একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরে রেলগেটে আরপিএফ মোতায়েন করা হয়েছে।
এক শিক্ষিকা শাশ্বতী শেঠ বলেন, ‘‘পিকনিক করে ফিরছিলাম। উত্তরপাড়ায় পড়ানো থাকে বলে সরবজিত স্টেশনে নেমে রেললাইন পার হতে যাচ্ছিল। তখনই ট্রেন ধাক্কা মারে।’’ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি লাইনে একসঙ্গে ট্রেন ছিল। দুই নম্বর লাইনে থ্রু ট্রেন যাচ্ছিল। লাইন পার হতে গিয়েই দুর্ঘটনা।’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের একটি আবাসনের বাসিন্দা সরবজিৎ এলাকারই একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা ছিলেন।
আরও পড়ুন:
রেল পুলিশের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও রেল লাইন পেরিয়ে চলাচল করে মানুষজন। যার জেরে এই ধরনের দুর্ঘটনা ঘটে। তবুও সতর্ক নন স্থানীয়েরা।