E-Paper

হাওড়ায় ফের পুর প্রশাসক, বছরের শেষে হতে পারে নির্বাচন

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হাওড়ায় বিরোধী দল বিজেপির প্রচারের অন্যতম বিষয় ছিল পুর পরিষেবা দিতে তৃণমূলের ব্যর্থতা।

দেবাশিস দাশ

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৮:১৯
হাওড়া পৌর নিগম।

হাওড়া পৌর নিগম। ফাইল চিত্র।

হাওড়া পুরসভার নির্বাচন কি এ বছরের শেষ দিকে হতে চলেছে? সম্প্রতি নবান্নের সভাঘরে দলের বিধায়ক, জেলাশাসক এবং বিভাগীয় সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়া পুরসভার নির্বাচন দ্রুত করার জন্য মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নির্দেশ দেওয়ার পরে তেমনই সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাই জানান, ওই বৈঠকে তিনি হাওড়ায় পুর পরিষেবা নিয়ে মানুষের অসন্তোষের কথা জানিয়ে এ বছরের শেষ দিকে যাতে নির্বাচন করা যায়, সে আবেদন করেন। এর পরেই মুখ্যমন্ত্রী দ্রুত পুর ভোট করতে মুখ্যসচিবকে নির্দেশ দেন।

তার পরে মঙ্গলবার হাওড়া পুরসভায় প্রশাসক হিসেবে নিয়োগ করা হল জেলাশাসক পি দীপাপ প্রিয়াকে। তিনি এ দিন বিকেল থেকেই দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে প্রশাসকমণ্ডলীর দায়িত্বে ছিলেন পুর কমিশনার প্রসেনজিৎ চক্রবর্তী। রাজ্যে নতুন সরকার এসে ফের জেলাশাসককে পুরসভা চালানোর দায়িত্ব দিল। পুরসভা সূত্রের খবর, ভোট না হওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন প্রিয়া।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হাওড়ায় বিরোধী দল বিজেপির প্রচারের অন্যতম বিষয় ছিল পুর পরিষেবা দিতে তৃণমূলের ব্যর্থতা। এ বারের নির্বাচনে ১৫ বছর পরে হাওড়া শহরের তিনটি আসনেই, অর্থাৎ বালি, উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা জিতেছেন। পাশাপাশি, বিজেপির বিপুল জয়ে রাজ্যেও পালাবদল ঘটেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পালাবদলের পরে হাওড়ার মানুষ চাইছেন, পুর নির্বাচন এ বার হোক। হাওড়ায় শেষ বার পুর নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ২০১৮ সালের পর থেকে সেখানে কাজ চালাচ্ছে প্রশাসকমণ্ডলী।
এই সময়ে পুর পরিষেবার মান তলানিতে এসে ঠেকেছে বলে অভিযোগ বাসিন্দাদের।

উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক বলেন, ‘‘এ বছরের শেষ দিকে যাতে এই নির্বাচন করা যায়, আমি মুখ্যমন্ত্রীকে তা দেখতে বলেছি। মুখ্যমন্ত্রী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে কথাও বলেছেন।’’ রাজ্য সরকারের কাছে উমেশের আরও প্রস্তাব ছিল, কয়েক মাসের জন্য প্রশাসকমণ্ডলী গঠন করে বর্ষা মোকাবিলা করার ব্যবস্থা করা হোক। কারণ, বর্ষার আগে যে নিকাশি সংস্কারের কাজ হয়, এ বছর তা প্রায় হয়নি। আসন্ন বর্ষায় হাওড়া যে বানভাসি হবে, তা কার্যত নিশ্চিত।

অন্য দিকে, বালি থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক সঞ্জয় সিংহ হাওড়ার পাশাপাশি বালি পুরসভার নির্বাচনও দ্রুত করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘‘বালি যে ভাবে আবর্জনা ও নোংরায় ভরে রয়েছে, তা অবিলম্বে পরিষ্কার করা, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা-সহ উন্নত পুর পরিষেবার ব্যবস্থা করতে হবে। আশা করা যায়, এই বছরেই দু’টি পুরসভার নির্বাচন একসঙ্গে হয়ে যাবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Howrah

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy