মধ্যরাতে হাওড়ায় চলল গুলি। উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত বিবির বাগান এলাকার ঘটনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মদ খেয়ে তিন জনের মধ্যে বচসা এবং সেখান থেকে গুলি চালানোর ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গোলাবাড়ি থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে তারা।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোলাবাড়ি থানার অন্তর্গত বিবির বাগান এলাকায় মদ খেয়ে আকাশ যাদব ও ভিকির সঙ্গে বচসায় জড়ান রাহুল নামে এক জন। অভিযোগ, বচসার জেরে গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও তাতে কেউ জখম হয়নি বলেই খবর। কোন পক্ষের দিক থেকে গুলি চলেছে, তা-ও এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে, কেন গুলি চালানো হল এবং নেপথ্যে আদৌ রাজনৈতিক কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:
কিছুদিন আগেই গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা এলাকায় খুনের ঘটনা ঘটে। আবার মঙ্গলবার গভীর রাতে গুলি চলার ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। সামনেই বিধানসভা নির্বাচন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে প্রশাসনের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের উপর। পশ্চিমবঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে কমিশন বদ্ধপরিকর। এই পরিস্থিতিতে হাওড়ার ঘটনা তাদের চিন্তায় রাখবে।