E-Paper

ট্র্যাফিক পুলিশ সেজে নির্জন গলিতে বৃদ্ধের গয়না ছিনতাই

পুলিশ সূত্রের খবর, শনিবার দুপুরে রামরাজাতলা স্টেশনের কাছে, শঙ্কর মঠের উল্টো দিকের অম্বিকা কুন্ডু বাই লেনের নির্জন গলি দিয়ে বাড়ি ফিরছিলেন ভোলানাথ চট্টোপাধ্যায় নামে বছর আটষট্টির এক প্রৌঢ়। আচমকাই দুই যুবক তাঁর রাস্তায় আটকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নির্জন গলির মধ্যে পুলিশ সেজে স্কুটার চালক এক ব্যক্তির কাছ থেকে কেপমারি করে প্রায় ৪ লক্ষ টাকার সোনার চেন ও সোনার আংটি নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। হাওড়ার জগাছার শঙ্কর মঠের কাছে শনিবার দুপুরে ঘটনাটি ঘটলেও রাতে ওই ব্যক্তি জগাছা থানায় অভিযোগ দায়ের করেন। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, শনিবার দুপুরে রামরাজাতলা স্টেশনের কাছে, শঙ্কর মঠের উল্টো দিকের অম্বিকা কুন্ডু বাই লেনের নির্জন গলি দিয়ে বাড়ি ফিরছিলেন ভোলানাথ চট্টোপাধ্যায় নামে বছর আটষট্টির এক প্রৌঢ়। আচমকাই দুই যুবক তাঁর রাস্তায় আটকায়। নিজেদের ট্র্যাফিক পুলিশ পরিচয় দিয়ে ভোলানাথ কেন হেলমেট পরেননি, সেই প্রশ্ন তোলে তারা। এমনকি, হেলমেট না পরে আইন ভাঙার অপরাধে স্কুটারের কাগজপত্র দেখাতে বলে তারা। ওই প্রৌঢ় যখন স্কুটারের কাগজপত্র দেখাতে যান, তখনই দুই যুবক তাঁকে জানায়, তিনি কেন গলায় সোনার চেন ও হাতে সোনার আংটি পরে নির্জন গলি দিয়ে যাচ্ছেন, যে কোনও সময়ে সেগুলি ছিনতাই হতে পারে। এর পর ওই দুই যুবক প্রৌঢ়কে চেন ও আংটি খুলতে বলে। পরে একটি কাগজ এগিয়ে দিয়ে তাতে সেগুলি মুড়ে নিতে বলে। প্রৌঢ় যখন তাঁর চেন ও আংটি কাগজে মুড়তে যান, তারা ওই কাগজ কেড়ে নিয়ে নিজেরাই মুড়তে শুরু করে।

পুলিশ জানায়, এর পরে ওই দুষ্কৃতীরা ওই প্রৌঢ়ের সামনেই একটি পাথর মোড়া কাগজের সঙ্গে গয়না মোড়া কাগজ বদলে নিয়ে সেটি ভোলানাথের হাতে দিয়ে চম্পট দেয়। প্রৌঢ় বাড়িতে গিয়ে কাগজের টুকরো খুলতেই বুঝতে পারেন তাঁর সোনার আংটি ও সোনার চেন কেপমারি হয়েছে। রাতে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Howrah Robbery

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy