Advertisement
E-Paper

ছিনতাইয়ে বাধা, ঝাড়খণ্ডের ইউটিউবারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন হাওড়ায়

প্রকৃতির ডাকে মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন মৃতার স্বামী প্রকাশ। সেই সময় তাঁদের ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তিন জনেই সশস্ত্র ছিল বলে দাবি প্রকাশের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১০:০০
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার স্বামী প্রকাশকে এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার স্বামী প্রকাশকে এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রতীকী ছবি।

ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক মহিলাকে গুলি করে খুন করার অভিযোগ। বুধবার সকাল ৬টা নাগাদ বাগনানের রাজাপুর থানার মহিষরেখা ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটেছে। মৃতার নাম রিয়া কুমারী। খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়েছে ওই মহিলাকে।

ঝাড়খণ্ডের রাঁচী থেকে কলকাতার উদ্দেশে গাড়ি করে আসছিলেন ওই মহিলা। তাঁর সঙ্গে ছিলেন স্বামী প্রকাশ কুমার এবং তাঁদের আড়াই বছরের শিশুকন্যা। প্রকাশ নিজেই রাঁচি থেকে গাড়ি চালিয়ে আসছিলেন। এই দম্পতি ইউটিউবার। প্রকৃতির ডাকে মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন প্রকাশ। সেই সময় তাঁদের ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তিন জনেই সশস্ত্র ছিল। প্রকাশ এবং তাঁর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা।

ছিনতাইয়ে বাধা দেন প্রকাশ। গাড়ি থেকে নেমে আসেন প্রকাশের স্ত্রী রিয়াও। সেই সময় রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কানের তলায় গুলি লাগে রিয়ার। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রিয়া। গুলি চালিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায় বলে দাবি প্রকাশের। ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রকাশ তাঁর আহত স্ত্রীকে নিয়ে কিছু দূর গাড়ি চালিয়ে রাজাপুর থানার পীরতলা এলাকায় আসেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের কাছে ঘটনার কথা জানানোর পরেই স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসলে উলুবেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিয়াকে। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর রিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার স্বামী প্রকাশকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রের খবর।

Bagnan gun Death Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy