E-Paper

মণিপুরে জঙ্গি হামলায় নিহত হুগলির ট্রাকচালক

স্থানীয় সূত্রে খবর, কুকি ও নাগারা জাতীয় সড়কে অবরোধ ডাকায় শাংকাই গ্রামের কাছে ইয়াইঙ্গাংপোকপি পুলিশ স্টেশনে আটকে ছিল বেশ কয়েকটি ট্রাক। শুক্রবার সকালে বিএসএফ, সিআরপিএফ এবং মণিপুর পুলিশের যৌথ বাহিনী প্রায় ১৫-২০টি ট্রাককে ২০২ নম্বর জাতীয় সড়ক ধরে উখরুল জেলার দিকে নিয়ে যাচ্ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ০৯:৩৪

—প্রতীকী চিত্র।

মণিপুরে নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপের মধ্যেই জাতীয় সড়কে চলাচলকারী গাড়িতে হামলা চালালো সন্দেহভাজন কুকি জঙ্গিরা। ভারতীয় খাদ্য নিগম (এফসিআই)-এর একটি ট্রাকে ওই হামলায় নিহত হয়েছেন ট্রাকটির চালক। তিনি পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা। ঘটনায় এক পুলিশ কনস্টেবলও জখম হয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, কুকি ও নাগারা জাতীয় সড়কে অবরোধ ডাকায় শাংকাই গ্রামের কাছে ইয়াইঙ্গাংপোকপি পুলিশ স্টেশনে আটকে ছিল বেশ কয়েকটি ট্রাক। শুক্রবার সকালে বিএসএফ, সিআরপিএফ এবং মণিপুর পুলিশের যৌথ বাহিনী প্রায় ১৫-২০টি ট্রাককে ২০২ নম্বর জাতীয় সড়ক ধরে উখরুল জেলার দিকে নিয়ে যাচ্ছিল। টিএম কাসোম এলাকার কাছে একটি কবরস্থান পার করার সময় পাহাড় থেকে সন্দেহভাজন জঙ্গিরা কনভয়ে উপর গুলি চালায়। যদিও নাগা গ্রামবাসীদের দাবি, কবরখানায় এক ব্যক্তির শেষকৃত্যে আসা নাগাদের মারতেই কুকি জঙ্গিরা হামলা করেছিল। গুলিতে ঘটনাস্থলেই নীতীশ দাস (৬৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়। ডিসিংগাম মারিংমেই নামে এক পুলিশের কনস্টেবলের হাঁটুতে গুলি লাগে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। অন্ত্যেষ্টির জন্য আসা ব্যক্তিরা প্রাণ বাঁচাতে কবরখানায় কেটে রাখা কবরগুলির মধ্যে শুয়ে পড়েন।

নিহত নীতীশ দাস হুগলির কোন এলাকার বাসিন্দা, তা স্পষ্ট হয়নি। ট্রাকটির নম্বরের সূত্রে হুগলির আঞ্চলিক পরিবহণ দফতর থেকে জানা গিয়েছে, সেটির মালিক মহম্মদ আফতাবউদ্দিন পান্ডুয়ার তিন্নার বাসিন্দা। এ দিন যোগাযোগ করা হলে ওই ট্রাক তাঁর নয় বলে দাবি করেছেন পরিবহণ ব্যবসায়ী আফতাব। নীতীশকেও তিনি চেনেন না বলে জানিয়েছেন। নিহতের ব্যাপারে খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা।

গত বুধবার মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংহ ট্রাকচালক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ট্রাক ও চালকদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। তার দু’দিন পরেই এই হামলার ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করছেন ট্রাকচালকরা। সে রকমই এক চালককে হত্যা অত্যন্ত কাপুরুষোচিত কাজ। শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার উদ্যোগকে ব্যাহত করার অসৎ উদ্দেশ্য নিয়েই কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এই হামলা চালাচ্ছে।’’

এ দিকে, কুকিদের হাতে অপহৃত ৬ নাগাকে উদ্ধার করার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়ে নাগা সংগঠন আনসাম বলেছে, চার দিনের মধ্যে ওই ৬ জন উদ্ধার না হলে নাগারা মণিপুর সরকারকে সম্মিলিত ভাবে বয়কট করবে। নাগা বিধায়কদেরও সরকার থেকে সমর্থন প্রত্যাহারের আহ্বান জানানো হবে। উপমুখ্যমন্ত্রী নেমচা কিপজেনের স্বামীর সঙ্গে কুকি জঙ্গিদের যোগ থাকার অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেছে আনসাম।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Death Case Manipur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy