নেপুর পরে এ বার উত্তরপাড়ার অপর এক কুখ্যাত দুষ্কৃতী রাজকুমার চৌধুরী ওরফে চিকুয়াকে গ্রেফতার করল পুলিশ। প্রশাসন সূত্রের খবর, শুক্রবার রাতে কলকাতার নিউটাউনে হানা দিয়ে উত্তরপাড়া থানার আইসি মধুসূদন মুখোপাধ্যায় চিকুয়াকে গ্রেফতার করেন। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, হুগলির ত্রাস রমেশ মাহাতোর সাগরেদ চিকুয়ার বিরুদ্ধে অন্তত খুন, তোলাবাজি-সহ অন্তত ২৪টি মামলা রয়েছে। হুগলি ছাড়াও হাওড়ার বালি থানা এলাকায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। শুক্রবার রাতে নিউটাউনের ডিএলএফ টাওয়ার এলাকার একটি বহুতল আবাসন থেকে পুলিশ তাকে ধরে।