এক তরুণীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করছিল এলাকারই এক যুবক। শেষ পর্যন্ত তরুণীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বুধবার রাতে। ওই তরুণী এবং তাঁর বাবা, মা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে চণ্ডীতলার ছোট তাজপুর এলাকার দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার এক তরুণ দীর্ঘদিন ধরেই ওই তরুণীর সঙ্গে সম্পর্ক পাতাতে চাইছিল। কিন্তু তাতে রাজি হচ্ছিলেন না ওই তরুণী। প্রেমে প্রত্যাখ্যত হয়ে শেষ পর্যন্ত ওই যুবক মরিয়া হয়ে ওঠে। ইদানীং ওই যুবক তাঁকে ভীষণভাবে উত্যক্ত করছিল বলে তরুণীর অভিযোগ। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ওই যুবকের ভয়ে কলেজে পর্যন্ত যেতে ভয় পাচ্ছিলেন বলে তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে। বুধবার পরিস্থিতি চরমে পৌঁছয়। তরুণীর ঘরের দরজায় শিকল তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশি রাতে ওই ঘটনায় প্রতিবেশীরা বিষয়টি প্রাথমিকভাবে বুঝতে পারনেনি। পরে তরুণী ও তাঁরবাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তরুণীর কাকা গণেশ দাস বলেন, ‘‘যে ভাবে আগুন ধরানো হয়েছে, তাতে ওঁদের মৃত্যু পর্যন্ত হতে পারত। পুলিশকে সব জানিয়েছি।’’