সদ্যোজাত শিশুপুত্রকে কুয়োয় ফেলে খুনের অভিযোগে গ্রেফতার মাকে বৃহস্পতিবার পুলিশ চুঁচুড়া আদালতে হাজির করলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের দাবি, সংসারে অভাব নিয়ে পারিবারিক অশান্তির কারণে সে এমন কাণ্ড ঘটিয়েছে বলে জেরায় সুহানাদেবী জানিয়েছে। মগরার কালীতলার বাসিন্দা কুমারজিত সরকারের সঙ্গে ঝাড়খন্ডে র বাসিন্দা সুহানার বছর ছয়েক আগে বিয়ে হয়। কয়েক বছর পর তাদের একটি কন্যা সন্তান জন্মায়। তার এক বছরের মাথায় দিন কয়েক আগে ফের সুহানাদেবীর একটি পুত্রসন্তান হয়। কিন্তু সংসারে আর্থিক অনটনের কারণে সরকার পরিবারে সন্তান জন্মানোর পরেও খুশির বদলে অশান্তি শুরু হয়। সোমবার হঠাৎই নিখোঁজ হয় সদ্যোজাত। মা সুহানাদেবী দাবী করেন, তিনি শিশুটিকে খাটে শুইয়ে রেখে শৌচাগারে যান। ঘরে ফিরে আর ছেলের খোঁজ পাননি। সদ্যোজাতর এ ভাবে নিখোঁজের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। বুধবার সকালে সরকারবাড়ির পাতকুয়ো থেকে দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশী দেখেন তার ভিতরে শিশুর দেহ ভাসছে। পুলিশ এসে কুয়ো থেকে সুহানাদেবীর ছেলের দেহ উদ্ধার করে।