Advertisement
E-Paper

টুকরো খবর

কুণাল বসু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কল্যাণ (নান্টু) রায় গ্রেফতার হয়েছে। এই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন কুণাল বসুর স্ত্রী অপরাজিতা (মুনমুন) বসু। গত বছর ৪ ডিসেম্বর হাইকোর্ট মুনমুনকে বেকসুর ঘোষণা করলেও নান্টুকেই এই ঘটনার জন্য দায়ী করে তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখে। পুলিশ জানিয়েছে, আদালতের রায়ের পর থেকেই পলাতক ছিল নান্টু।

শেষ আপডেট: ৩১ মে ২০১৪ ০২:২১

যাবজ্জীবনের ‘ফেরার’ আসামি ধৃত

নিজস্ব সংবাদদাতা

কুণাল বসু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কল্যাণ (নান্টু) রায় গ্রেফতার হয়েছে। এই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন কুণাল বসুর স্ত্রী অপরাজিতা (মুনমুন) বসু। গত বছর ৪ ডিসেম্বর হাইকোর্ট মুনমুনকে বেকসুর ঘোষণা করলেও নান্টুকেই এই ঘটনার জন্য দায়ী করে তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখে। পুলিশ জানিয়েছে, আদালতের রায়ের পর থেকেই পলাতক ছিল নান্টু। এর পরেই নিম্ন আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তাকে পর্ণশ্রী থানা এলাকার ইউনিক পার্কের দেবালয় পুকুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, বাংলাদেশে পালানোর ছক ছিল নান্টুর। পুলিশ জানায়, নান্টু এ দিন নিজের বাড়িতে যায়। সেখানেই তাকে গ্রেফতার করা হয়। আজ, শনিবার নান্টুকে আলিপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রের খবর, ২০০০ সালে খুন হন দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়ার বাসিন্দা কুণাল বসু। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গ্রেফতার করে তাঁর স্ত্রী মুনমুন বসুকে। সঙ্গে ধরা হয় কুণালের বন্ধু নান্টুকে। ওই বছরেরই সেপ্টেম্বর মাসে আলিপুর আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় দু’জনকে। গত বছর এপ্রিল মাস থেকে জামিনে মুক্ত হন মুনমুন। নান্টু অবশ্য তার অনেক আগে থেকেই জামিনে মুক্ত ছিল। কলকাতা হাইকোর্ট মুনমুনকে বেকসুর ঘোষণা করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন (এসএলপি) দায়ের করেছিলেন মুনমুনের শাশুড়ি অনুরাধা বসু। পরে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখার নির্দেশ দেয়।

Advertisement

প্রবেশিকার কেন্দ্র বাড়াচ্ছে প্রেসিডেন্সি

নিজেদের ক্যাম্পাসের বাইরে প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়াচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। গত বছর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার আসন পড়েছিল। এ বার তার সঙ্গে যুক্ত হচ্ছে জলপাইগুড়ি জেলা স্কুল। গুয়াহাটি কটন কলেজেও পরীক্ষার কেন্দ্র করতে সেখানকার কর্তাদের সঙ্গে আলোচনা চলছে প্রেসিডেন্সির। বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস দেবশ্রুতি রায়চৌধুরী জানান, স্নাতকে ভর্তির জন্য অনলাইনে ফর্ম মিলবে ১-১০ জুন। স্নাতকোত্তরের ফর্ম মিলবে ৯-২০ জুন। স্নাতক, স্নাতকোত্তরে কারা প্রবেশিকায় বসতে পারবেন, পরীক্ষা কবে হবে, ফল কবে বেরোবে সবই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

ডাকাতিতে ৭ বছরের জেল

বালিগঞ্জের একটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছ’জনকে সাত বছরের কারাদণ্ড দিল আদালত। এর পাশাপাশি, তাদের দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার লালবাজারে গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ জানিয়েছেন, ২০০৭ সালে বালিগঞ্জের বাসিন্দা ইন্দিরা রানির ফ্ল্যাট থেকে নগদ ৮০ হাজার টাকা এবং কয়েক হাজার টাকার সোনার গয়না লুঠ হয়। ওই ডাকাতির ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ফ্ল্যাটের পরিচারিকা পদ্মা দাসকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তবে এরই মধ্যে শুনানি চলাকালীন অভিযোগকারিণী ইন্দিরা রানির মৃত্যু হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

পথ-অবরোধ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন বেলেঘাটা এলাকার বাসিন্দারা। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ জোড়ামন্দির বাজার এলাকায় ওই অবরোধ হয়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে পানীয় জলের সঙ্কট চলছে। বিভিন্ন মহলে বহু বার জানিয়েও সুরাহা হয়নি। আধ ঘণ্টার অবরোধে ওই এলাকায় তীব্র যানজট হয়। পরে পুলিশের আশ্বাসে বাসিন্দারা অবরোধ তুলে নেন।

দুর্ঘটনায় জখম চার পুলিশকর্মী

কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি গাড়ি রাস্তার পাশে ল্যাম্পপোস্টে ধাক্কা মারায় জখম হলেন চার কর্মী। শুক্রবার সকালে, রেড রোডে। পুলিশ জানায়, গাড়িটি রেড রোড দিয়ে রাজভবনের দিকে আসছিল। লালবাজার সূত্রের খবর, জখমদের মধ্যে এক জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর, এক জন কনস্টেবল ও এক জন হোমগার্ড। জখমদের এসএসকেএমে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ধৃত আরও এক

ফুলবাগানে যুবক খুনের ঘটনায় শুক্রবার গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। পুলিশ জানায়, ধৃতের নাম জয়দেব জানা। এই নিয়ে ওই ঘটনায় মোট তিন জন গ্রেফতার হল। পুলিশের দাবি, সত্যেন্দ্র খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার হয়েছে। এ দিন ধৃতদের শাস্তির দাবিতে ফুলবাগান থানার সামনে ফের বিক্ষোভ দেখান স্থানীয়েরা। পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কিও হয়। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ মহিলাদের উপর লাঠি চালানোয় আহত হন শান্তি দেবী নামে এক বৃদ্ধা। যদিও অভিযোগ অস্বীকার করে পুলিশ। ক্ষুব্ধ বাসিন্দারা জানান, ধৃতদের উপযুক্ত শাস্তি না হলে তাঁরা ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন।

হার ছিনতাই

চলন্ত বাসে এক যুবকের হার ছিনতাইয়ের অভিযোগ উঠল। শুক্রবার সকালে, চিড়িয়ামোড়ে। পুলিশ জানায়, আগরপাড়া থেকে শ্যামবাজারের দিকের বাসে উঠেছিলেন রাজীব পাসোয়ান নামে ওই ব্যক্তি। চিড়িয়ামোড়ে নেমে তিনি লক্ষ্য করেন, গলায় থাকা সোনার হারটি উধাও। কাশীপুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

দল বদলের কাজিয়ায় অটো বন্ধ আমতলায়

অটো ইউনিয়নের দখল নিয়ে তৃণমূল এবং বিজেপি-সমর্থকদের ঝগড়ার জেরে আমতলা-বাকরাহাট রোডের রুটে শুক্রবার দীর্ঘ ক্ষণ অটো বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে অটো চলাচল স্বাভাবিক হয়। কিছু চালকের অভিযোগ, তাঁদের অটোয় লাগানো বিজেপি-র মজদুর সঙ্ঘের পতাকা ছিঁড়ে দেয় তৃণমূল অটো ইউনিয়ন। তা নিয়ে গোলমালে অটো বন্ধ হয়ে যায়। বিজেপি রাজ্য নেতা অভিজিৎ দাস (ববি) অভিযোগ করেন, “অটোচালকদের একাংশ বিজেপি-তে যোগদানের ইচ্ছে প্রকাশ করে অটোয় বিজেপি ইউনিয়নের পতাকা লাগিয়েছিলেন। তৃণমূল-সমর্থকেরা তা ছিঁড়ে দেয়।” পতাকা ছেঁড়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের যুব তৃণমূল নেতা মজনু শেখ বলেন, “বিজেপি জোর করে তৃণমূল অটো ইউনিয়নের সমর্থকদের দলে টানার চেষ্টা করছিল। তা থেকেই গোলমাল বাধে।”

বন্ধ ঘরে মৃতদেহ

আলিপুর রোডের একটি বাড়ি থেকে এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম ঝর্নারানি বন্দ্যোপাধ্যায় (৭৮)। শুক্রবার ওই বাড়ি থেকে পচা গন্ধ বেরোতে থাকায় পড়শিরা পুলিশে খবর দেন। দরজা ভেঙে বৃদ্ধাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বৃদ্ধা একাই থাকতেন। মৃত্যুর কারণ জানা যায়নি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy