হোটেলের দলিল জমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশন থেকে এক কোটি ২০ লক্ষ টাকা ঋণ। তার পরে সেই দলিলের নকল তৈরি করে সেটি ব্যাঙ্কে জমা দিয়ে দু’কোটি ৯০ লক্ষ টাকা ঋণ। এই ভাবে জাল দলিল বানিয়ে আর্থিক প্রতারণার কারবার চালানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছেন লালবাজারের ব্যাঙ্ক দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। ধৃতদের নাম শুভজিৎ ঘোষ ও চিরঞ্জিত পাল। সোমবার বাগুইআটি ও হাওড়া থেকে তাদের ধরা হয়। মঙ্গলবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাদের ২৩ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
আদালত সূত্রের খবর, প্রতারণার মামলাটি ২০২৫ সালের অক্টোবরের। ২০১৫ সালে শুভজিৎ পশ্চিম মেদিনীপুরের একটি হোটেলের ১৯৮৪ সালের দলিল ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনে বন্ধক রেখে এক কোটি ২০ লক্ষ টাকা ঋণ নেয়। ২০২২ সালে সেই দলিলের নকল বানিয়ে একটি ব্যাঙ্কে জমা রেখে প্রায় তিন কোটি টাকা ঋণ নেয়।
মামলার সরকারি আইনজীবী জানান, ঋণ পরিশোধ না হওয়ায় ২০২৩ সালে সেই হোটেল বিক্রি করে ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশন। ব্যাঙ্কও খোঁজ নিয়ে জানতে পারে, হোটেলের দলিলটি ভুয়ো। এর পরে অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযুক্তদের ধরে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, এই আর্থিক প্রতারণায় শুভজিৎকে সাহায্য করে চিরঞ্জিত। এতে আরও অনেকে জড়িত বলে মনে করছেন তদন্তকারীরা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)