জাল নোট পাচার-চক্রের মামলায় সোনারপুর থানার হরিনাভি এলাকার বাসিন্দা এক দম্পতি-সহ চার জনকে গ্রেফতার করল নেপাল পুলিশ। ধৃতদের নাম অরিন্দম ধর এবং দীপা ধর। নেপাল পুলিশ সূত্রের খবর, তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নেপালি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা।
তদন্তকারীদের দাবি, অরিন্দম ও দীপা প্রায় পাঁচ-সাত বছর ধরে ভারত-নেপাল সীমান্তে সিন্ডিকেট তৈরি করে জাল নোট পাচার করছিল। সীমান্ত এলাকায় তল্লাশি অভিযানের পরে তাদের গ্রেফতার করা হয়। তদন্তকারীদের আরও দাবি, জাল নোট পাচারের কালো টাকা হরিনাভি ও রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার একাধিক সম্পত্তিতে বিনিয়োগ করেছিল ওই দম্পতি। সেই সঙ্গে, নামে ও বেনামে একাধিক সংস্থা খুলে কালো টাকা সাদা করা হয়েছিল।
স্থানীয় সূত্রের খবর, শাসকদলের নেতা-বিধায়ক ও পুরকর্তাদের ঘনিষ্ঠ ছিল অরিন্দম। এলাকায় বহু কর্মসূচির সে-ই ছিল মূল আয়োজক। সেই সব অনুষ্ঠানে বিপুল টাকা বিনিয়োগ করত সে। নেপাল পুলিশের দাবি, জাল নোট পাচার-চক্রের বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। আপাতত ওই দম্পতি ও চক্রের বাকি সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)