E-Paper

চাকরির ইন্টারভিউয়ের নাম করে ডেকে নিয়ে গাড়িতে ‘ধর্ষণ’ তরুণীকে

অভিযোগকারী নির্যাতিতার বয়স ২৬। পুলিশকে পাঠানো অভিযোগে তিনি জানিয়েছেন, অভিযুক্ত দুই যুবকের এক জন তাঁর দূর সম্পর্কের আত্মীয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১০:৩৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্কুলে চাকরির ইন্টারভিউয়ের নাম করে তরুণীকে ডেকে নিয়ে গাড়ির ভিতরেই গণধর্ষণের অভিযোগ উঠল। শুধু তা-ই নয়, ধর্ষণের ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ‘ব্ল্যাকমেল’ করে তরুণীকে জোর করে ‘যৌন পেশায়’ নামানোর অভিযোগও উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। দু’মাস ধরে লাগাতার নির্যাতনের শিকার ওই নির্যাতিতা হেস্টিংস থানার দ্বারস্থ হন। থানা একটি গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রের খবর, বুধবার হেস্টিংস থানায় ডাকযোগে ওই তরুণীর অভিযোগ আসে। পাশাপাশি কলকাতা পুলিশের দক্ষিণ ডিভিশনের উপ নগরপাল এবং কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (অপরাধ)-কে একই অভিযোগ পাঠানো হয়। তার ভিত্তিতেই বৃহস্পতিবার গণধর্ষণের মামলা হয়েছে। তবে অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি।

অভিযোগকারী নির্যাতিতার বয়স ২৬। পুলিশকে পাঠানো অভিযোগে তিনি জানিয়েছেন, অভিযুক্ত দুই যুবকের এক জন তাঁর দূর সম্পর্কের আত্মীয়। গত কয়েক মাস ধরে ওই তরুণী চাকরির খোঁজ করছিলেন। পুলিশকে তিনি জানিয়েছেন, গত ৫ ফেব্রুয়ারি পরিচিত ওই যুবক আরও এক জনকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে আসেন। তরুণী তাঁদের চাকরির কথা জানাতে দুই যুবক দাবিকরেন, হাওড়ায় তাঁদের পরিচিত একটি স্কুল আছে। ইন্টারভিউ দিলেই সেখানে চাকরি মিলবে বলেও দু’জনে আশ্বাস দেন।

তরুণীর দাবি, গত ১৫ ফেব্রুয়ারি দুই যুবক তাঁর বাড়ি এসে সে দিনই ইন্টারভিউ দেওয়ার জন্য তাঁকে দ্রুত তৈরি হতে বলেন। প্রথমে রাজি হননি তরুণী। অভিযুক্তেরা জোর করায় তাঁদের সঙ্গে গাড়িতেই ইন্টারভিউ দিতে বেরোন। পুলিশকে পাঠানো অভিযোগে নির্যাতিতার দাবি, গাড়ির পিছনের আসনে তিনি বসেছিলেন। সামনের আসনে ছিলেন দুই অভিযুক্ত। কথার মাঝেই একটি বোতলে করে তাঁকে ফলের রস দেওয়া হয়। দুই যুবকও একই ধরনের বোতলে সেই পানীয় খেতে শুরু করায় সন্দেহ হয়নি তরুণীর। কিন্তু পানীয় খাওয়ার কিছু সময় পর থেকে ওই তরুণী অসুস্থ বোধ করতে শুরু করেন। সে কথা অভিযুক্তদের জানালে হেস্টিংস মোড়ের কাছে তাঁরা গাড়ি থামান। এর পরে গাড়ির বাতানুকূল যন্ত্র চালিয়ে কাচ তুলে দেন দুই যুবক।

অভিযোগে তরুণী জানান, কিছু ক্ষণ পরে গাড়িতেই তিনি অচৈতন্য হয়ে যান। সেই সুযোগে গাড়িতে দুই যুবক তাঁকে গণধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা ক্যামেরাবন্দি করেন অভিযুক্তেরা। তরুণীর দাবি, ঘণ্টাখানেক পরে তাঁর জ্ঞান ফিরলে ধর্ষণের ভিডিয়ো দেখিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার কথা কাউকে জানালে সমাজমাধ্যমে ওই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি তরুণীর।

পুলিশের কাছে অভিযোগে তরুণী জানিয়েছেন, ধর্ষণের ভিডিয়ো দেখিয়ে ‘ব্ল্যাকমেল’ করে তাঁকে টাটানগর যেতেও বাধ্য করেছিলেন অভিযুক্তেরা। সেখানে একটি আবাসনে তাঁকে আরও তিন অপরিচিত গণধর্ষণ করেন বলে অভিযোগ। বিনিময়ে তাঁদের থেকে ৫০ হাজার টাকা নেন দুই অভিযুক্ত। এর পরে দু’মাস ধরে ওই তরুণীকে বিভিন্ন জায়গায় ডেকে হুমকি দিয়ে দু’জন ধর্ষণ করেন বলে অভিযোগ।

ক্রমাগত হুমকির আতঙ্কে তরুণী বাড়িতে কিছু জানাননি বলে দাবি। মাস দুয়েক পরে বোনকে পুরো বিষয় জানালে তিনি থানায় অভিযোগ জানাতে বলেন ওই তরুণীকে।

পুলিশ সূত্রের খবর, ডাক মারফত অভিযোগপত্র বুধবার থানায় পৌঁছয়। যার ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তরুণীকে ডেকে বয়ান নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Hastings

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy