E-Paper

দোলের পার্টির পরে যুবতীকে ‘যৌন নিগ্রহ’, গ্রেফতার

পুলিশের কাছে অভিযোগে ওই যুুবতী জানিয়েছেন, তাঁরা কয়েক জন বন্ধু মিলে মঙ্গলবার পার্টি করেছিলেন। পার্টির শেষে এক বান্ধবীকে নিয়ে ঘরে ছিলেন তরুণী। সেই সময়েই তাঁকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৬:১৬

—প্রতীকী চিত্র।

দোলে রং খেলার পরে এক যুবতীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। মঙ্গলবার দুপুরের পরে ঘটনাটি ঘটেছে ই এম বাইপাস সংলগ্ন একটি থানা এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্নেহাশিস সর্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হলে ৬ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ হয়।

পুলিশের কাছে অভিযোগে ওই যুুবতী জানিয়েছেন, তাঁরা কয়েক জন বন্ধু মিলে মঙ্গলবার পার্টি করেছিলেন। সেখানে স্নেহাশিসও উপস্থিত ছিল। পার্টির শেষে এক বান্ধবীকে নিয়ে ঘরে ছিলেন তরুণী। সেই সময়েই তাঁকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, ঘটনার পরে যুবতীর এক পুরুষ সঙ্গীর সঙ্গে স্নেহাশিসের বচসা ও হাতাহাতি হয়। এর পরেই পুলিশকে সব জানান নির্যাতিতা যুবতী।

এ দিন আদালতে সরকারি আইনজীবী বিকাশ দাস বলেন, ‘‘ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যুবতীর মেডিকো লিগ্যাল পরীক্ষা এবং গোপন জবানবন্দির আবেদন জানানো হচ্ছে।’’

অভিযুক্তের আইনজীবী সুব্রত সর্দার পাল্টা বলেন, ‘‘ওঁরা সবাই পরস্পরের পরিচিত এবং বন্ধু। কোনও প্রভাবের কারণে যৌন নিগ্রহের অভিযোগ করা হয়ে থাকতে পারে। তবে, প্রাথমিক মেডিক্যাল পরীক্ষায় যৌন নিগ্রহের কোনও প্রমাণ পাওয়া যায়নি। অভিযুক্তের শর্তাধীন জামিন মঞ্জুর করা হোক।’’

দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারক স্নেহাশিসকে ৬ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠান। সেই সঙ্গে, নির্যাতিতার গোপন জবানবন্দি ও মেডিকো লিগ্যাল পরীক্ষার আবেদনও তিনি মঞ্জুর করেছেন বলে খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Holi 2026 arrest

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy