E-Paper

সরোবরে সাঁতারের ক্লাবে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধার

যে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে, সেখানকার কর্তৃপক্ষের দাবি, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ জলে নামার আগে শারীরচর্চা করছিলেন নিনা। সেই সময়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৭:৪২
নিনা তালুকদার।

নিনা তালুকদার। — ফাইল চিত্র।

রবীন্দ্র সরোবরে একটি সাঁতারের ক্লাবে অসুস্থ হয়ে মৃত্যু হল ৭০ বছরের এক বৃদ্ধার। পুলিশ জানিয়েছে, তাঁর নাম নিনা তালুকদার।

যে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে, সেখানকার কর্তৃপক্ষের দাবি, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ জলে নামার আগে শারীরচর্চা করছিলেন নিনা। সেই সময়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই প্রশিক্ষণ কেন্দ্রের এক কর্তা বলেন, “উনি বিগত বেশ কয়েক বছর ধরে এখানে সাঁতার কেটেছেন। পুলে নামার আগে নিয়মমাফিক ওয়ার্ম-আপ করছিলেন। তখন আচমকাই অসুস্থ হয়ে পড়েন।”

রবীন্দ্র সরোবর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিনার হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বসানো ছিল। ওই ক্লাবে প্রবীণদের সাঁতার প্রশিক্ষণের ক্ষেত্রে তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের নিয়ম যথাযথ ভাবে মানা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। নিনার দেহের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আগে গড়িয়াহাট রোডের একটি বাড়িতে মেয়ের সঙ্গে থাকতেন নিনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বছরখানেক আগে দার্জিলিঙে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর স্বামীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকে মেয়ের সঙ্গেই থাকতেন নিনা। পরে সাদার্ন অ্যাভিনিউয়ের একটি ফ্ল্যাটে চলে যান। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Death rabindra sarobar Swimming Swimming Center

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy