বৃহত্তর কলকাতায় ১৫ বছরের পুরোনো বাসের মেয়াদ বৃদ্ধির দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বাসমালিক সংগঠন। শর্তসাপেক্ষে মেয়াদ বৃদ্ধির পক্ষে রায় দেয় আদালত। ট্রাকের ক্ষেত্রেও একই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয় ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। তাদের দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, একই প্রযুক্তি রয়েছে বাস ও ট্রাকে। সে ক্ষেত্রে বাস ছাড়পত্র পেলে ট্রাক কেন নয়, সেই প্রশ্ন উঠেছে। গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি স্মিতা দাস দে ট্রাকের ক্ষেত্রেও অনুরূপ নির্দেশ জারি করার কথা বলেন। এ নিয়ে গত ১৪ নভেম্বর রাজ্য সরকারের নির্দেশিকার কথা উল্লেখ করে বৈষম্য দূর করার কথা বলে আদালত। সরকারি নির্দেশিকায় বাসের ক্ষেত্রে প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও প্রতি ছ’মাস অন্তর দূষণ সংক্রান্ত পরীক্ষা করানো বাধ্যতামূলক।
ওই রায়ের কথা উল্লেখ করে সম্প্রতি পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিয়েছে ট্রাক সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, ‘‘মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।’’ মেয়াদ বাড়ানো হলে প্রায় ১ লক্ষ মালিক উপকৃত হবেন বলে সংগঠনের দাবি।
পরিবহণ দফতর সূত্রের খবর, বাস নির্দিষ্ট রুটে চলাচল করে। ট্রাক তার পরিবর্তে রাজ্য বা সারা দেশে চলাচল করে। ফলে, এ ক্ষেত্রে কী ভাবে শর্ত পূরণ করা যায়, তা ভাবাচ্ছে আধিকারিকদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)