E-Paper

প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার দাবিতে বিক্ষোভ প্রতিবন্ধীদের

মঞ্চের সদস্যদের অভিযোগ, এ বার বাজেটে ৫০০ টাকা বাড়ায় তাঁদের মাসিক ভাতা হয়েছে দেড় হাজার টাকা। কিন্তু বিজেপি তাদের সঙ্কল্পপত্রে লিখেছিল, তারা এ রাজ্যে ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের ভাতা ২০০০ টাকা করা হবে। যা হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৭:২৬
দাবি: প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে কলকাতা পুরসভার পাশে অবস্থান-বিক্ষোভে দৃষ্টি প্রতিবন্ধী-সহ অন্যেরা। শুক্রবার।

দাবি: প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে কলকাতা পুরসভার পাশে অবস্থান-বিক্ষোভে দৃষ্টি প্রতিবন্ধী-সহ অন্যেরা। শুক্রবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

প্রতিবন্ধীদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করার দাবিতে কলকাতা পুরসভার সামনে শুক্রবার বেলা ১২টা নাগাদ বিক্ষোভ দেখাল ‘পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চ’। ওই মঞ্চের সদস্যদের অভিযোগ, এ বারের রাজ্য বাজেটে যেখানে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বা বেতন এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেড়েছে, সেখানে তাঁদের ভাতা বেড়েছে মাত্র ৫০০ টাকা। তাঁদের মাসিক ভাতা কমপক্ষে পাঁচ হাজার টাকা করার দাবি ওঠে বিক্ষোভ থেকে।

মঞ্চের সদস্যদের অভিযোগ, এ বার বাজেটে ৫০০ টাকা বাড়ায় তাঁদের মাসিক ভাতা হয়েছে দেড় হাজার টাকা। কিন্তু বিজেপি তাদের সঙ্কল্পপত্রে লিখেছিল, তারা এ রাজ্যে ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের ভাতা ২০০০ টাকা করা হবে। যা হয়নি। বহু দরিদ্র প্রতিবন্ধী অপুষ্টিতে ভুগছেন, তাঁদের চিকিৎসা প্রয়োজন। অনেকেরই রোজগারের কোনও সুযোগ নেই। আবার কোনও প্রয়োজনে কোথাও যাতায়াত করতে হলেও তাঁদের খরচ অনেক বেশি হয়। ফলে, যৎসামান্য ভাতায় তাঁদের প্রয়োজন মেটে না। প্রবল গরম উপেক্ষা করেই এ দিন প্রতিবন্ধী মানুষেরা বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

এ দিকে, উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, তাঁরা বেতন বৃদ্ধির সুবিধা থেকে বার বার বঞ্চিত থাকছেন। দীর্ঘ ২৩ বছর ধরে বঞ্চনা চলছে। ‘পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক কল্যাণ সরকার বলেন, ‘‘পূর্ণ সময়ের শিক্ষকের মতো কাজ করেও আমাদের মাসিক বেতন মাত্র ১৫২১৮ টাকা। বিজেপি নির্বাচনী সঙ্কল্পপত্রে উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের সম্মানজনক বেতনের কথা বলেছিল। কিন্তু এ বারের রাজ্য বাজেটে অন্য চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়লেও আমরা সেই ব্রাত্যই থেকে গেলাম।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Specially abled people protests West Bengal government Specially Abled

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy