Advertisement
E-Paper

দু’দিনের মিছিলে শঙ্কা ভোগান্তির

সোমবারের পরে বুধবার। ফের শহর জুড়ে যানজটের আশঙ্কা করছে পুলিশ। সপ্তাহের আর একটা কাজের দিনে আবারও আমজনতার ভোগান্তির সমূহ সম্ভাবনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০২:৩০

সোমবারের পরে বুধবার। ফের শহর জুড়ে যানজটের আশঙ্কা করছে পুলিশ। সপ্তাহের আর একটা কাজের দিনে আবারও আমজনতার ভোগান্তির সমূহ সম্ভাবনা।

লালবাজার সূত্রের খবর, আজ, বুধবার কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দাবি-দাওয়া নিয়ে পথে নামবে এসইউসিআই। এর জেরে মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে যানজটের আশঙ্কা রয়েছে। সোমবার, সপ্তাহের শুরুর দিনেই বামেদের নবান্ন অভিযান ঘিরে অচল হয়েছিল শহরের বিস্তীর্ণ অংশ।

তার রেশ না কাটতেই আজ দুপুর ১টা নাগাদ হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকে মিছিল করে এসইউসিআই সমর্থকেরা আসবেন কলেজ স্ট্রিটে। কলেজ স্কোয়ারে সভা শেষে শুরু হবে মিছিল। তা শেষ হবে রানি রাসমণি অ্যাভিনিউয়ে। বিকেল পর্যন্ত সেখানে ফের হবে সভা। পুলিশ জানিয়েছে, মিছিল উপলক্ষে কলেজ স্ট্রিট, মহাত্মা গাঁধী রোড, নির্মলচন্দ্র স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভনিউ, লেনিন সরণি ও এস এন ব্যানার্জি রোডে যানজটের সম্ভাবনা রয়েছে। আটকে যেতে পারে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, ব্রেবোর্ন রোডও।

পাশাপাশি, কাল বৃহস্পতিবার বিজেপির লালবাজার অভিযান উপলক্ষে গাড়ির গতি কতটা স্বাভাবিক থাকবে, তা-ও পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। অভিযোগ, সোমবার বামেদের নবান্ন অভিযান উপলক্ষে একাধিক রাস্তায় ব্যারিকেড তৈরি হওয়ায় গাড়ির গতি স্তব্ধ হয়ে পড়েছিল। হেস্টিংসে অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে ছিল দু’টি অ্যাম্বুল্যান্সও। পুলিশ জানিয়েছে, কাল তিন জায়গায় (শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন ও সুবোধ মল্লিক স্কোয়ার) বিজেপি কর্মী-সমর্থকেরা জমায়েত হবেন। সেখান থেকে মিছিল করে তাঁরা আসবেন লালবাজারের দিকে। যদিও এক পুলিশকর্তা বলেন, ‘‘যানজট ঠেকাতে রাস্তায় পর্যাপ্ত পুলিশ থাকবে। মিছিল চলাকালীন অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।’’

Traffic Jam Rally
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy