Advertisement
E-Paper

‘স্মার্ট লাইটিং’য়ের জন্য পুরসভার সঙ্গে চুক্তি টিসিএসের, ধাপে ধাপে বদলাবে শহরের আলোকসজ্জা

আপাতত পাইলট প্রকল্প হিসেবে কালীঘাট ও আলিপুর এলাকায় স্মার্ট লাইটিং ব্যবস্থা চালু করা হবে। এই দুই এলাকায় প্রাথমিক সমীক্ষা ও পরিকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পূর্ণাঙ্গ বাস্তবায়নের কাজ শুরু হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০
street light

—প্রতীকী ছবি।

কলকাতা শহরের আলোকব্যবস্থার আধুনিকীকরণে বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর সঙ্গে ‘স্মার্ট লাইটিং’ বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, চুক্তি অনুযায়ী, শহরের বিভিন্ন বরোতে সাশ্রয়ী এলইডি স্ট্রিটলাইট বসানো হবে এবং চালু করা হবে প্রযুক্তিনির্ভর স্মার্ট মনিটরিং ব্যবস্থা। পর্যায়ক্রমে পুরনো প্রচলিত সোডিয়াম ভেপার ও অন্যান্য পথবাতির বদলে এলইডি ফিক্সচার স্থাপন করা হবে। পাশাপাশি চালু হবে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা (সেন্ট্রালাইজড কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সিস্টেম), যার মাধ্যমে রিয়্যাল-টাইম ত্রুটি শনাক্তকরণ, বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ আরও কার্যকর ভাবে করা সম্ভব হবে।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, “টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সঙ্গে এই প্রকল্প শহরের বিদ্যুৎ ব্যয় কমাতে সাহায্য করবে এবং প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে রক্ষণাবেক্ষণ হবে আরও উন্নত ও দ্রুত।” তাঁর আরও দাবি, দীর্ঘমেয়াদি এই উদ্যোগ কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য ভাবে কমাবে এবং অপারেশনাল খরচও হ্রাস পাবে।

প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা এবং অন্যান্য জনপরিসরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপাতত পাইলট প্রকল্প হিসেবে কালীঘাট ও আলিপুর এলাকায় স্মার্ট লাইটিং ব্যবস্থা চালু করা হবে। এই দুই এলাকায় প্রাথমিক সমীক্ষা ও পরিকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পূর্ণাঙ্গ বাস্তবায়নের কাজ শুরু হবে।

‘স্মার্ট লাইটিং’ ব্যবস্থায় স্বয়ংক্রিয় ভাবে আলো জ্বালানো ও নেবানোর সময়সূচি নির্ধারণ, সেন্সরের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী আলো কমানো-বাড়ানো এবং একটি ইন্টেলিজেন্ট আরবান এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। পুরসভার আলো বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, “এই প্রযুক্তি শহরের আলো ব্যবস্থাপনাকে সম্পূর্ণ নতুন মাত্রা দেবে।” প্রকল্পের আর্থিক বরাদ্দ ও বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা প্রাথমিক সমীক্ষা শেষ হওয়ার পর ঘোষণা করা হবে বলে জানিয়েছে পুরসভা।

KMC tcs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy