তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে নোটিস পাঠাল কলকাতা পুরসভা। পুরসভার বিল্ডিং বিভাগ থেকে এই নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সংশ্লিষ্ট সমস্ত সম্পত্তির বিল্ডিং প্ল্যান, অনুমোদিত নকশা ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পুরসভায় হাজির হতে বলা হয়েছে বলে ওই সূত্রের দাবি।
কলকাতা পুরসভা সূত্রে খবর, বিল্ডিং বিভাগের আইনের ৪০১ ধারায় এই নোটিসটি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শনিবার ফলতার নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ডায়মন্ড হারবারের সাংসদের সম্পত্তির পরিমাণ নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, যে সম্পত্তিগুলিতে নোটিস পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি। এছাড়াও কালীঘাট মোড়ের একটি বহুতল ভবনকেও নোটিসের আওতায় আনা হয়েছে। পুরসভার এক আধিকারিক বলেন, "সংশ্লিষ্ট সম্পত্তিগুলির ক্ষেত্রে অনুমোদিত বিল্ডিং প্ল্যান মেনে নির্মাণকাজ হয়েছে কি না, তা যাচাই করতেই এই নোটিস পাঠানো হয়েছে। কোথাও অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত বা অবৈধ নির্মাণ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি, যদি কোনও অনিয়ম থেকে থাকে, সেক্ষেত্রে সেই নির্মাণ পরবর্তীকালে নিয়মিতকরণ বা রেগুলারাইজ করা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে।"
ঘটনাচক্রে, কলকাতা পুরসভার পরিচালনার দায়িত্ব এখনও তৃণমূলের হাতেই রয়েছে। আর বিল্ডিং বিভাগের দায়িত্বে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এই নোটিস দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।
বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, পুরসভার এই পদক্ষেপ প্রশাসনিক রুটিন প্রক্রিয়ার অংশ হলেও, তৃণমূলের প্রভাবশালী নেতার সম্পত্তিতে নোটিস পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ।