আগামী ৩ ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রপাত-সহ ঝোড়ো বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবার সন্ধ্যা থেকেই উত্তর থেকে দক্ষিণ, কলকাতার আকাশ মেঘলা। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়।
হাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১৫ থেকে আগামী ৩ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। তা ছাড়া দমকা বাতাস বইতে পারে।
আগামী কয়েক ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্যও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। রবিবার বাঁকুড়া জেলার কিছু জায়গায় শিলাবৃষ্টির খবর মিলেছে।
উত্তরপ্রদেশের উত্তরাংশ থেকে ছত্তীসগঢ় হয়ে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এরই প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এই কারণে বিক্ষিপ্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস আগেই জানিয়েছে, সারা সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
অন্য দিকে, উত্তরবঙ্গের চার জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।