কলকাতায় চলন্ত বাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। মায়ের সামনেই নাবালিকাকে বারংবার অশালীন ভাবে স্পর্শ করা হয় বলে অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে। কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে দাবি করেছেন, তাঁর কন্যার পিঠে বার বার চাপ দিয়েছেন ৬৬ বছরের ওই বৃদ্ধ। পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে।
মাধ্যমিক পরীক্ষা চলছে। বৃহস্পতিবার মায়ের সঙ্গে ১৬ বছরের ওই কিশোরী গোপালনগর এলাকা থেকে বিদ্যাসাগর এসজি হাসপাতালের দিকে যাচ্ছিল। বেলা আড়াইটে নাগাদ বাসে তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ। চলন্ত বাসের ভিতরেই কিশোরীর মা ঘটনার প্রতিবাদ করেন। পরে তিনি পুলিশের দ্বারস্থ হন।
আরও পড়ুন:
কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। অভিযোগ দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা এবং পকসো আইনে। তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্ত বৃদ্ধ বেহালার সত্যেন রায় রোডের বাসিন্দা। ইতিমধ্যে পুলিশ নির্যাতিতা কিশোরীর বয়ান রেকর্ড করেছে। তদন্ত চলছে। তবে এখনও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। বৃদ্ধের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন কিশোরীর মা। খাস কলকাতায় বাসের মধ্যে এমন ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। আরও এক বার প্রশ্ন উঠে গিয়েছে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শুক্রবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। বেহালায় কিশোরী মায়ের সঙ্গে ছিল। তবে পরীক্ষার্থীরা অনেকেই একা যাতায়াত করে থাকে। তাদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়? প্রশ্ন তুলেছেন অভিভাবকদের একাংশ।