পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারের সময় প্রয়োজনের চেয়ে বেশি জায়গায় ‘স্ক্রু’ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে গাফিলতির দায়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন।
স্বাস্থ্য কমিশন সূত্রের খবর, অভিযোগকারী শঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর ৭৭ বছরের বৃদ্ধা মাকে চিকিৎসকের পরামর্শে পায়ের হাড়ের অস্ত্রোপচারের জন্য পার্ক সার্কাসের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। অস্ত্রোপচারশুরু হওয়ার পরে দেখা যায় একটি যন্ত্রে গোলযোগ রয়েছে। সেই সময় পেশির একাংশ কাটা হয়ে গিয়েছিল। হাড়ের অপারেশনের সময় ওই যন্ত্র জরুরি। তার সাহায্যে অস্ত্রোপচারের সময় এক্স-রে করে দেখা যায়। কমিশনের মতে, সেই সময় চিকিৎসক পোর্টেবল এক্স-রে মেশিনের কথা বলতে পারতেন। কিন্তু তা না করে অপারেশন করতে থাকেন।
আরও পড়ুন:
অস্ত্রোপচার কেমন হল, পরের দিন সেটা এক্স-রে করে না দেখেই রোগীকে ছেড়ে দেওয়া হয়! পরে রোগীর আবার সমস্যা হলে দেখা যায় ওই অপারেশনের সময় প্রয়োজনীয় ‘স্ক্রু’ যতটা হাড়ের যতটা জায়গায় লাগানোর কথা তার থেকে বেশি জায়গা পর্যন্ত চলে গিয়েছে। এর ফলে রোগী ব্যথা পাচ্ছেন। রোগীর বয়সের কথা মাথায় রেখে চিকিৎসকেরা জানান, তিনি আবার অস্ত্রোপচারের ধকল নিতে পারবেন না। অভিযুক্ত শল্যচিকিৎসক কমিশনের কাছে দাবি করেন, হাসপাতালে পোর্টেবেল এক্স-রে মেশিন ছিল না। অন্য দিকে, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ছিল, তাঁদের ওই যন্ত্র রয়েছে, কিন্তু চিকিৎসক চাননি। হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন।