Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

কালবৈশাখীর দাপট আরও বাড়বে, গণনার দিন কলকাতায় ঝড় হতে পারে ৬০ কিমি বেগে! কত দিন চলবে দুর্যোগ

রবিবারও কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ভোটগণনার দিন, সোমবার কালবৈশাখীর দাপট বাড়বে দক্ষিণবঙ্গের সর্বত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১০:২৫
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।

অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে প্রায় প্রতি দিনই সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টি হচ্ছে। শনিবারও বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডব চলেছে। ভিজেছে কলকাতাও। আলিপুর আবহাওয়া দফতর জানাল, দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি চলবে আরও কিছু দিন। এর ফলে বৈশাখের তীব্র গরমে কিছুটা স্বস্তি মিলেছে।

রবিবারও কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে। তবে সোমবার কালবৈশাখীর দাপট আরও বাড়বে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ওই দিন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত।

সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সর্বত্র। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপটও থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় সোমবারের পর মঙ্গলবারও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

উত্তরবঙ্গেও দুর্যোগ চলছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে রবিবার এবং সোমবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। সোমবার ও মঙ্গলবার মালদহ, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ মূলত ৪০ থেকে ৫০ কিলোমিটার হলেও দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬০ কিলোমিটারেও পৌঁছে যাচ্ছে। এর ফলে সমুদ্র উত্তাল রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম হয়ে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা এখন উত্তর বাংলাদেশের উপর রয়েছে। সমুদ্রতলের চেয়ে তার উচ্চতা ১.৫ থেকে ৩.১ কিলোমিটার।

আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি কম। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে।

West Bengal Weather Weather Alert Weather Today Weather Forecast Kolkata Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy