Advertisement
E-Paper

একাধিক পথ দুর্ঘটনা, মৃত দুই

যত শক্ত হচ্ছে পথ নিরাপত্তার ফাঁস, ততই যেন বেড়ে চলেছে শহরে পথ-দুর্ঘটনার সংখ্যা। মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত শহরে ফের বেপরোয়া গতির জেরে মৃত্যু হল তিন জনের, আহত হলেন ১৪ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ০১:২১

যত শক্ত হচ্ছে পথ নিরাপত্তার ফাঁস, ততই যেন বেড়ে চলেছে শহরে পথ-দুর্ঘটনার সংখ্যা। মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত শহরে ফের বেপরোয়া গতির জেরে মৃত্যু হল তিন জনের, আহত হলেন ১৪ জন। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত মোট চারটি দুর্ঘটনার সাক্ষী রইল শহর।

সোমবারেই শ্যামবাজারের দু’টি বাসের মুখোমুখি ধাক্কায় আহত হয়েছিলেন ২৭ জন। তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের একই রকম দুর্ঘটনার সাক্ষী রইল শহর। তবে এ বার বাসের পিছনে বাস ধাক্কা মারায় আহতের সংখ্যা কম। বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ শিয়ালদহে মৌলালির সামনে লেনিন সরণিতে এই দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে আর একটি বাস ধাক্কা দেওয়ায় ১২ জন জখম হন। তবে সকলকেই এনআরএসে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগেই সকালে চিনার পার্কে দুর্ঘটনায় পড়ে পড়ুয়া বোঝাই একটি স্কুল বাস। জখম হয় দুই পড়ুয়া।

এখানেই শেষ নয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত আটটা নাগাদ করুণাময়ীর কাছে সিরিটি মোড়ে একটি সরকারি বাসের ধাক্কায় ছিটকে পড়ে যান এক পথচারী। রিনা মুখোপাধ্যায় নামে বছর পঁয়তাল্লিশের ওই মহিলাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। রিনাদেবীর পরিবারের তরফে অবশ্য অভিযোগ, হাসপাতালে জীবিত অবস্থাতেই নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসা শুরু করতে দেরি করেন চিকিৎসকেরা। তাতেই রিনাদেবীর মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর পরিবারের।

মঙ্গলবারই রাত বারোটা নাগাদ রেড রোডের উপরে জে অ্যান্ড এন আইল্যান্ডের কাছে আউটট্রাম রোডের দিক থেকে ছুটে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় একটি গাড়ির। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক বছর ষাটেকের তুহিন রায় জখম হয়েছেন। গাড়ির সামনের দিকটি দুমড়ে গিয়েছে। ঘাতক লরিটি পলাতক।

অন্য দিকে, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হাজরা মোড়ে একটি বেসরকারি বাসে ওঠার সময়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন ভবানীপুরের বাসিন্দা এক বৃদ্ধ কিশোর চৌধুরী। মাথায় গুরুতর আঘাত লাগা অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে মারা গিয়েছেন তিনি। বাসটি আটক করেছে পুলিশ, চালক পলাতক।

accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy