Advertisement
E-Paper

শুক্ররাতে কলকাতা পৌঁছোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শনিবার মমতার বিরুদ্ধে প্রকাশ করবেন ‘চার্জশিট’

বিমানবন্দর থেকে সোজা নিউ টাউনের একটি হোটেলে চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই রাতে থাকবেন। শনিবার হোটেলে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০০:২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।

শুক্রবার রাতে কলকাতা পৌঁছোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দর থেকে সোজা নিউ টাউনের একটি হোটেলে চলে যান তিনি। সেখানেই রাতে থাকবেন। শনিবার হোটেলে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ প্রকাশ করবেন শাহ। বৈঠক শেষ করে দুপুরেই দিল্লি ফিরে যাবেন তিনি। ‘চার্জশিট’ প্রকাশ করার জন্যই তাঁর এই ঝটিকা সফর।

বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লির সর্দার পটেল মার্গের তাজ প্যালেস থেকে রওনা দেন শাহ। জেনারেল অ্যাভিয়েশন টার্মিনাল ৪ থেকে তাঁর বিমান ছাড়ে রাত ৯টা ৫৫ মিনিটে। কলকাতা বিমানবন্দরে তা পৌঁছোয় রাতে। সেখান থেকে সোজা নিউ টাউনে চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে সেখানেই থাকবেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ দলের শীর্ষনেতারা।

শনিবার বেলা ১২টা থেকে শাহের কর্মসূচি শুরু হওয়ার কথা। নিউ টাউনের ওই হোটেলেই একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। তা চলবে বেলা ১টা পর্যন্ত। ১টা ৫ মিনিটে তিনি হোটেল ছাড়বেন। কলকাতা বিমানবন্দর থেকে তাঁর বিমান দিল্লির উদ্দেশে রওনা দেবে বেলা ১টা ২০ মিনিটে। শাহ ‘জ়েড প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন। কলকাতায় ঝটিকা সফরে তাঁর সঙ্গে থাকবেন নিরাপত্তারক্ষীরা। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে।

‘চার্জশিট’-এ মমতার সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ প্রকাশ্যে আনতে চলেছে বিজেপি। স্থানীয় সমস্যা এবং আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে বিধানসভা কেন্দ্রভিত্তিক ‘চার্জশিট’ আগেই প্রকাশ করা হয়েছে। এ বার গোটা রাজ্যের নিরিখে অভিযোগের শ্বেতপত্র প্রকাশ করা হবে। সূত্রের খবর, তিনটি মেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট ১৫ বছরের শাসনে রাজ্যের ‘অবনতি’র ১৪টি মূল ক্ষেত্র তুলে ধরা হচ্ছে বিজেপির ‘চার্জশিট’-এ। শুধু মমতা নয়, বিজেপির অভিযোগপত্রে একই সঙ্গে কাঠগড়ায় তোলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

Amit Shah BJP TMC Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy