E-Paper

বিজেপি কর্মীকে খুনের শুনানি শেষে পরেশের দিকে চটি, গোবর

স্বপন হাজির হতে না পারলেও প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল, প্রাক্তন পুরপ্রতিনিধি পাপিয়া ঘোষ, নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন-সহ ৩৭ জন অভিযুক্ত আদালতে হাজির ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৭:৩১

— প্রতীকী চিত্র।

বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের মামলায় অভিযুক্ত, কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রতিনিধি স্বপন সমাদ্দারকে পরবর্তী শুনানির দিন হাজির করানোর নির্দেশ দিল কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালত। এই মামলায় অভিযুক্ত স্বপনকে ২০২২ সালের যৌন হেনস্থার ঘটনা, মারধর এবং গত বছর মামলার সাক্ষী তথা নিহত অভিজিতের দাদা, বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকারকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে নারকেলডাঙা থানা। এই দু’টি মামলায় শিয়ালদহ আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন স্বপন। তাই মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে হাজির হতে পারেননি তিনি।

স্বপন হাজির হতে না পারলেও প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পাল, প্রাক্তন পুরপ্রতিনিধি পাপিয়া ঘোষ, নারকেলডাঙা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন-সহ ৩৭ জন অভিযুক্ত আদালতে হাজির ছিলেন। এ দিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন পরেশ। তাঁর দিকে নিজের বাঁ পায়ের চটি ছুড়ে মারেন নারকেলডাঙার বাসিন্দা পার্থ দে। পরেশের দিকে জলের বোতল, গোবর ছোড়া হয় বলেও অভিযোগ। ওঠে ‘চোর চোর’ স্লোগান। পার্থ বলেন, ‘‘পরেশ গাড়িতে ওঠার সময়ে চটি ছুড়ি। চটি পরেশের গায়ে লেগে গাড়ির ভিতরে পড়ে। গাড়ি চলে গিয়েছে। আমার চটি গাড়িতে রয়ে গিয়েছে।’’

অভিজিৎ-হত্যা মামলায় কয়েক জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পাশাপাশি পরেশ, স্বপন, পাপিয়া, শুভজিৎ-সহ ১৮ জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। এ দিন আদালতে সিবিআইয়ের আইনজীবী স্বপনের ‘প্রোডাকশন ওয়ারেন্টের’ আর্জি জানান। বিচারক সন্তোষকুমার পাঠক তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানি ১ জুলাই।

এ দিন শুনানি শেষে প্রবল বৃষ্টির মধ্যে পরেশ গাড়িতে ওঠার সময়ে তাঁর দিকে উড়ে আসে চটি, বোতল, গোবর। বিশ্বজিৎকে গাড়িতে লাথি মারতেও দেখা যায়। কোনও মতে পরেশকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পার্থের দাবি, ‘‘পরেশ যা অত্যাচার করেছেন, এটা তাঁর প্রাপ্য। চটি হারানোর কোনও আফসোস নেই।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CBI Court Murder Case TMC Councilor BJP Hearing Process

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy