E-Paper

বিদেশি ডিগ্রি: ফের শান্তনুকে ডাকল কাউন্সিল

গত ৭ জুলাই উচ্চ আদালত লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেয় এবং যে অভিযোগের ভিত্তিতে ওই সিদ্ধান্ত, তার তদন্ত চালানোর নির্দেশ দেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিদেশি ডিগ্রি ব্যবহারের তদন্তে প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেনকে ফের ডাকল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আগামী ১২ ফেব্রুয়ারি তাঁকে কাউন্সিলে উপস্থিত হওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে বলে খবর। যদিও, গত ডিসেম্বরেই শান্তনুর ওই ডিগ্রি বৈধ বলে কাউন্সিলকে জানিয়ে দিয়েছিল রয়্যাল কলেজ অব ফিজ়িশিয়ান্স অ্যান্ড সার্জনস্ অব গ্লাসগো। কিন্তু তার পরেও কেন বার বার তাঁকে হয়রান করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন শান্তনু।

গত জুলাইয়ে ভুয়ো এফআরসিপি (গ্লাসগো) ডিগ্রি ব্যবহারের অভিযোগ তুলে শান্তনুর ডাক্তারির রেজিস্ট্রেশন আপাতত দু’বছরের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তার বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেন শান্তনু। গত ৭ জুলাই উচ্চ আদালত লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেয় এবং যে অভিযোগের ভিত্তিতে ওই সিদ্ধান্ত, তার তদন্ত চালানোর নির্দেশ দেয়। সূত্রের খবর, রয়্যাল কলেজ অব ফিজ়িশিয়ান্স অ্যান্ড সার্জনস্ অব গ্লাসগোর কাছে ওই ডিগ্রির বিষয়ে জানতে চায় কাউন্সিল। তাতে উত্তরও দেয় বিদেশি ডিগ্রি প্রদানকারী সংস্থাটি।

শান্তনু বলেন, ‘‘ব্যক্তিগত প্রতিহিংসা থেকে মানসিক নির্যাতনের লক্ষ্যেই বার বার আমাকে ডাকা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে। প্রতি বারই উত্তর দিয়েছি এবং গিয়েছি। আবারও ডাকা হয়েছে।’’ তাঁর আরও দাবি, ‘‘আদালতের নির্দেশে আমি ডিগ্রি ব্যবহার করে প্র্যাক্টিস করছি। প্রদানকারী সংস্থাও জানিয়েছে, আমার ডিগ্রি বৈধ। তা-ও আবারও কোনও অন্যায় সিদ্ধান্ত নেওয়া হলে আদালতের দ্বারস্থ হব।’’ যদিও এ বিষয়ে কাউন্সিলের সভাপতি, বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

State Medical Council

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy