সমবায় করে ফ্ল্যাট তৈরির জন্য প্রয়োজন জমি। তা এখন অমিল। শহরাঞ্চলে যেটুকু অবশিষ্ট, তার দাম আকাশছোঁয়া। তাই শহরতলির বারুইপুর-সহ নানা জায়গায় নগরোন্নয়ন দফতর ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ হাউসিং ফেডারেশন লিমিটেড-কে (হাউসফেড) সস্তায় জমি দিতে উদ্যোগী হয়েছে। মঙ্গলবার সংস্থার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এ কথা জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর জানান, এই সংস্থার মাধ্যমে রাজ্যে ২ লক্ষেরও বেশি বাসস্থান তৈরি হয়েছে। ‘ন্যাশনাল কো-অপারেটিভ হাউসিং ফেডারেশন’-এর চেয়ারম্যান সত্যনারায়ণ শর্মা বলেন, ‘‘আগামী মাসে পরিচালনমণ্ডলীর সভায় ভারতীয় জীবন বিমা থেকে ঋণ নেওয়ার ব্যাপারে আলোচনা হবে।’’ ‘হাউসফেড’-এর সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির চেয়ারম্যান আশিস চক্রবর্তী সমবায় ব্যাঙ্ক থেকে যাতে কম সুদে ঋণ পাওয়া যায়, সে বিষয়ে গুরুত্ব দেন।