Advertisement
E-Paper

কলকাতায় ঝড়ের গতি হতে পারে ৫০ কিলোমিটার! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সতর্কতা গোটা রাজ্যে

বুধবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঝড়বৃষ্টি। দ্বিতীয় দফার ভোটের দিনে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৯:২১
কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখী। দ্বিতীয় দফার ভোটের দিন, বুধবার কলকাতা-সহ কয়েক জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা কমবে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সমুদ্র থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে আরও একটি অক্ষরেখার। তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সে কারণে গোটা রাজ্যে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঝড়বৃষ্টি। দ্বিতীয় দফার ভোটের দিনে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে ওই দিন ভোটগ্রহণ রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ওই একই সতর্কতা রয়েছে। তার মধ্যে পূর্ব বর্ধমানে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। রাজ্যের বাকি জেলায় ওই দিন হলুদ সতর্কতা রয়েছে। সেখানে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সাগরে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৬০ কিলোমিটার। সে কারণে আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি আপাতত টানা চলবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের বাকি চার জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। রাজ্যের একেবারে উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা।

West Bengal Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy