Advertisement
E-Paper

তিন বছর আগে পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল! বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রী মমতার

তিনি পেগাসাস কেনার ব্যাপারে আগ্রহ না দেখালেও বিজেপি-শাসিত রাজ্যে পেগাসাস হয়েছে বলে বিধানসভায় দাবি করেছেন মমতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৮:০২
তিন বছর আগে পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। বিধানসভায় এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিন বছর আগে পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। বিধানসভায় এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: সনৎ সিংহ।

তিন বছর আগে পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ‘‘কেন্দ্রীয় সরকার ফোন ট্যাপ করে। এমনকি আমার ফোন ট্যাপ করা হয়। কোনও কথা বললে সবকিছু জেনে নেবে ওরা।’’ এই কথার সূত্র ধরেই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘তিন বছর আগে আমার কাছেও পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি কিনিনি। কারণ, আমি মানুষের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করায় বিশ্বাসী নই। তাই পেগাসাস কিনিনি।’’ কিন্তু বিজেপি-শাসিত রাজ্যে পেগাসাস হয়েছে বলে বিধানসভায় দাবি করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক ইত্যাদি রাজ্যে পেগাসাস কেনা হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার এই পেগাসাস কিনেছিল। সেই সময় চন্দ্রবাবু নায়ডুর সরকার ছিল।’’ পেগাসাসের কার্যকরিতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘‘পেগাসাস কোনও গাড়িতে রেখে যদি ডালহৌসি এলাকায় গাড়িটি নিয়ে যাওয়া হয় তাহলে ওই এলাকায় যত মানুষ ফোনে কথা বলছেন, সেইসব কথাই ট্যাপ হয়ে যাবে। এ ভাবে মানুষের অধিকারে হস্তক্ষেপ করা হয়।’’

প্রসঙ্গত, গত বছর ২১ জুলাই শহিদ দিবসের ভার্চুয়াল সভায় পেগাসাস কেলেঙ্কারিতে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে দায়ী করেন। সঙ্গে নিজের মোবাইল ফোনে লিউকোপ্লাস্ট লাগিয়ে পেগাসাস ঘটনার প্রতিবাদ জানান। মুখ্যমন্ত্রীর পেগাসাস কেনার প্রস্তাব প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অধিবেশন থেকে ওয়াকআউট করায় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী বলেছেন শুনিনি। তিনি পেগাসাস নিয়ে এমন দাবি করে থাকলে, সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে পেগাসাস নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, সেই তদন্ত কমিটির উচিত অবিলম্বে মুখ্যমন্ত্রীকে জেরা করা।’’

WB Assembly Mamata Banerjee Pegasus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy