Advertisement
E-Paper

টুকরো খবর

ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মঙ্গলবারই ছিল মনোনয়নপর্বের শেষ দিন। এ দিন ১৫ জন মনোনয়ন দাখিল করেন। এঁদের মধ্যে রয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুকুমার পড়্যা, শহর তৃণমূলের নেতা সঞ্জীত সরকার, প্রাক্তন কাউন্সিলর মৃণাল চৌধুরী প্রমুখ।

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৫ ০১:৫৯

মনোনয়ন জমা তৃণমূল সমর্থিতদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মঙ্গলবারই ছিল মনোনয়নপর্বের শেষ দিন। এ দিন ১৫ জন মনোনয়ন দাখিল করেন। এঁদের মধ্যে রয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুকুমার পড়্যা, শহর তৃণমূলের নেতা সঞ্জীত সরকার, প্রাক্তন কাউন্সিলর মৃণাল চৌধুরী প্রমুখ। সুকুমারবাবু, সঞ্জিতবাবুরা পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হন। গত সোমবার থেকে মেদিনীপুর শহরের পিপলস্ কো- অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনের মনোনয়নপর্ব শুরু হয়েছিল। প্রথম দিন অবশ্য কেউ মনোনয়ন দাখিল করেননি। মনোনয়নের শেষ দিন ছিল মঙ্গলবার। নির্বাচন হবে ১৯ এপ্রিল। অবশ্য ১৫টি পদে ১৫টি মনোনয়ন জমা পড়ায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন। দীর্ঘদিন ধরে বামেদের দখলে থাকা ওই ব্যাঙ্কের পরিচালন সমিতির দখল নিয়েছে তৃণমূল। পরিচালন সমিতির মোট ৫১টি আসন ছিল। গত ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। নির্বাচনে ফল হয় তৃণমূলের অনুকূলে ৫০- ১। দল- সমর্থিত জয়ী ৫০ জনের মধ্যে কোন ১৫ জন ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা দেবেন, তা ঠিক করতে গিয়েই হিমশিম খেতে হয় তৃণমূল নেতৃত্বকে। জট কাটাতে শেষমেশ সোমবার দুপুরে শহরের এক সভাকক্ষে দল- সমর্থিত জয়ী সদস্যদের নিয়ে এক বৈঠক করেন বিধায়ক মৃগেন মাইতি। সেখানে প্রার্থী- তালিকা চূড়ান্ত হয়। চেয়ারম্যান পদপ্রার্থী কে? সদুত্তর এড়িয়ে বিধায়ক মৃগেনবাবু বলেন, “এখনও সময় আছে। যা হবে আলোচনার মাধ্যমেই হবে। মঙ্গলবার ১৫ জন মনোনয়ন দাখিল করেছেন। পরে এঁদের সঙ্গে আলোচনা করব।”

প্রচার বিধি দিয়ে সর্বদলীয় বৈঠক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

নির্বাচনী প্রচারের বিধি সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক করল শহর পুলিশ। মঙ্গলবার খড়্গপুর টাউন থানায় আইসি দীপক সরকারের উপস্থিতিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ দিনের বৈঠকে শহরের প্রধান চারটি দল কংগ্রেস, বিজেপি, তৃণমূল ও বামফ্রন্ট ছাড়াও বিকাশ মঞ্চ, এসইউসি-র মতো দলগুলি যোগ দিয়েছিল। এ দিন প্রতিটি রাজনৈতিক দলের উপস্থিত প্রতিনিধিদের প্রচারের অনুমতি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে এতদিন মাইক নিয়ে ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি ছিল। বুধবার থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তবে প্রচারে মাইক ব্যবহার করতে গেলে অনুমতি নিতে হবে বলে এ দিন প্রতিটি রাজনৈতিক দলকে জানানো হয়। সেই সঙ্গে কোনও রাজনৈতিক কর্মসূচির জন্যও আগাম অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে অনুমতির জন্য আবেদন জানাতে হবে টাউন থানায়। তবে নিয়ম অনুযায়ী, মাইক বাজিয়ে প্রচারের অনুমতি দেবেন মহকুমাশাসক এবং রাজনৈতিক দলগুলির সভা ও মিছিলের অনুমতি দেবেন এসডিপিও। অবশ্য সেই অনুমতি পেতে গেলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে কর্মসূচির অন্তত ৪৮ ঘণ্টা আগে আবেদন করতে হবে। তবে একই সময়ে একাধিক রাজনৈতিক দল একই স্থানে সভা করার ক্ষেত্রে অনুমতি চাইলেও আগে আবেদনের ভিত্তিতে আগে সুযোগ দেওয়া হবে বলেও বৈঠকে স্পষ্ট করে বলা হয়েছে। তবে একই জায়গায় রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে দলগুলিকে সময়ের ব্যবধান বজার রাখতে অনুরোধ করা হয়েছে।

পুলিশি নিরাপত্তার আবেদন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

কাজহারা ঠিকাকর্মীরা আন্দোলনে নামতে পারেন-এই আশঙ্কায় কারখানার মূল ফটকে পুলিশি নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিল হলদিয়ার শ্রী রেণুকা সুগারস কর্তৃপক্ষ। আজ, বুধবার সকাল থেকে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ দেখানোর কথা সিপিএমের শ্রমিক সংগঠণ সিটুর। সংগঠনের রেণুকা সুগারস ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল রহমান জানান, অন্যায়ভাবে কারখানার কর্মীদের ছাটাই করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে বুধবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলনে নামছি। কারখানার আইএনটিটিইউসির শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি প্রবীর মাইতি জানান, অন্যান্য দিনের মত বুধবারও কারখানার কর্মীরা কাজে যাবেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, ‘‘কারখানায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজর রাখার জন্য ওই সংস্থা আমাদের চিঠি দিয়েছে। বুধবার কারখানার সামনে পুলিশ থাকবে।

গড়বেতায় পথ দুর্ঘটনায় মৃত এক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল গড়বেতা থানার কাষ্টগেড়্যায়। মৃতের নাম অনন্ত সরেন (২৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বাড়ি গরঙ্গায়। সোমবার রাতে অনন্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময়েই একটি লরি তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম হন অনন্ত।স্থানীয়রা অনন্তকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। গবেতা গ্রামীণ হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। দুর্ঘটনার পরে ওই এলাকায় সামান্য উত্তেজনা ছড়ায়। কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ হয়ে থাকে রাস্তা। আটকে পড়ে লরি। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরাও।

অপহরণ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। সোমবার রাতে নন্দকুমারের ফতেপুর থেকে মোস্তাফা লায়ের নামে ওই যুবকের বাড়ি থেকেই উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকেও। মঙ্গলবার মোস্তাফাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি উদ্ধার হওয়া কিশোরীকে বাবা মায়ের সঙ্গে বাড়িতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ২৩ মার্চ মোস্তাফা মহিষাদলের বামুনিয়ার ওই কিশোরীকে অপহরণ করে বলে অভিযোগ। সোমবারই কিশোরীর বাবা থানায় অভিযোগ করেন।

আদালত চত্বরে মার আইনজীবীকে, নালিশ

আইনজীবীকে মারধরের অভিযোগ উঠল সাব-জেলারের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে হলদিয়া উপসংশোধনাগার চত্বরে ওই আইনজীবীকে চড় মারার পাশাপাশি জামাকাপড় ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল দেন সাব-জেলার দেবাশিস প্রামাণিেকর বিরুদ্ধে। হলদিয়ার ভবানীপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন হলদিয়া মহকুমা আদলতের প্রায় ৬৮ বছর বয়সি আইনজীবী শেখ এরাজুল ইসলাম। সাব-জেলার অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এ দিন সকালে ওই আইনজীবী তাঁর মক্কেলের কাছে ওকালতনামা সই করাতে এসেছিলেন। কারারক্ষীরা তাঁকে লিখিত আবেদন জানাতে বললে তিনি জানান, মহুরী বলেছে ২০টাকা দিলেই সব কাজ হয়ে যায়। দেবাশিসবাবু বলেন, ‘‘মারধরের অভিযোগ ঠিক নয়।’’ এ দিকে হলদিয়া অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন অধিকারি জানান, ‘‘হলদিয়া মহকুমা আদালতের প্রবীণ আইনজীবী শেখ এরাজুল ইসলামকে সাব-জেলার শারীরিকভাবে নিগৃহ করেছেন। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। ’’ অভিযোগকারী আইনজীবী বলেন, ‘‘মামলার তথ্য জোগাড় করতে এদিন সকাল ৯ টার সময় হলদিয়া উপসংশোধনাগারে যাই। আমি তাড়াতাড়ি দেখা করার ব্যবস্থা করার জন্য তাদের অনুরোধ করি। তখন সাব জেলার আমার জামার কলার ধরে চড় মারে, জামা ছিঁড়ে দেয়।’’ হলদিয়ার মহকুমাশাসক তথা হলদিয়া উপসংশোধনাগারের সুপার শঙ্কর নস্কর জানান, ‘‘তদন্ত করে দেখা হবে।’’

আত্মহত্যায় প্ররোচনা, সাত বছর কারাদণ্ডের নির্দেশ

বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল কাঁথি আদালত। মঙ্গলবার কাঁথি আদালতের অতিরিক্ত জেলা বিচারক (সেকেন্ড কোর্ট) শ্যামপ্রকাশ রজক চার অভিযুক্তকে দোষি সাব্যস্ত করেন। সরকারি আইনজীবী সঞ্জয় মিশ্র জানান, ২০০৫ সালের ৫ জুন বিষ খেয়ে আত্মঘাতী হন রামনগর থানার পুরুষোত্তমপুরের বাসিন্দা মঞ্জু গিরি। ২০০৪ সালে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল নবীন গিরির। মঞ্জুদেবীর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুড়বাড়ির লোকজন তাঁর উপর দৈহিক ও মানসিক অত্যাচার চালাত। এমনকী বিষ খেয়েছেন জেনেও ওই বধূর চিকিৎসা না-করিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় শ্বশুরবাড়ির লোকেরা। মঞ্জুদেবীর কাকা সুভাষচন্দ্র গিরির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী, শাশুড়ি, দেওর ও ননদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও প্রমাণ লোপাটের চেষ্টার মামলা দায়ের করে। এ দিন বিচারক মঞ্জু গিরির স্বামী নবীনচন্দ্র গিরি, শাশুড়ি সুধামণি গিরি, দেওর তপন গিরি ও ননদ কবিতা গিরিকে সাত বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

দুর্ঘটনায় মৃত্যু যুবকের

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। দুর্ঘটনায় জখম হয়েছেন তাঁর দুই আত্মীয়। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার শান্তিপুর গ্রামের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনায় মৃতের নাম শেখ সাহজাহান (৩২)। তিনি কোলাঘাট থানার হলদিচক গ্রামের বাসিন্দা। আহতরা মেচেদার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিচক গ্রামের বাসিন্দা শাহজাহান এ দিন বাইক চালিয়ে তমলুকের শিউরি গ্রামে তাঁর আত্মীয় বাড়িতে আসছিলেন। সকাল ১১ টা নাগাদ মেচেদার শান্তিপুর গ্রামের কাছে সড়কে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সামনে বাইকের ব্রেক কষতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় শাহজাহানকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আম পাড়তে গিয়ে গুলিবিদ্ধ বালিকা

আম পাড়তে গিয়ে গুলিবিদ্ধ হল রিনি পাত্র নামে বছর আটেকের এক বালিকা। রবিবার বিকেলে খেজুরির সাতখন্ড সাহেবনগরের এই ঘটনার পর অবশ্য জখম রিনির অস্ত্রোপচার করা হয়। আপাতত সুস্থই রয়েছে সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ার অন্যদের সঙ্গে রবিবার বিকেলে গ্রামের রবীন্দ্রনাথ দাসের বাগানে আম পাড়তে গিয়েছিল। সেই সময় তাদের লক্ষ্য করে এয়ারগান থেকে গুলি ছোঁড়েন রবীন্দ্রনাথবাবু। সেই গুলি লাগে রিনির গায়ে। প্রথমে জখম রিনিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ও পরে কলকাতার নার্সিং হোমে। রিনির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রবীন্দ্রনাথ দাসের মেয়ে রেবা দাসকে সোমবার গ্রেফতার করে কঁাথি আদালতে হাজির করে। আদালতে বিচারক রেবা দাসকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। তবে ঘটনার মূল অভিযুক্ত রবীন্দ্রনাথ দাস ঘটনার পর থেকেই পলাতক।

জয়ী আসানসোল

চলছে খেলা।— নিজস্ব চিত্র।

এক ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল আসানসোল হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ। রানার্স হাওড়া হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ। মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের উদ্যোগে গত রবিবার থেকে শুরু হয়েছিল আন্ত: হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ক্রিকেট টুর্নামেন্ট। রাজ্যের মোট ১১টি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের দল এতে অংশগ্রহন করে। খেলা হয় মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে। ফাইনালে ওঠে আসানসোল হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এবং হাওড়া হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ। মঙ্গলবার ছিল ফাইনাল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের পরিষদীয় সচিব নির্মল মাজি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি প্রমুখ।

নর্দমায় দেহ

নর্দমায় মুখ থুবড়ে পড়ে থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের ৯ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাধানাথ রায় (৫০)। তাঁর বাড়ি শহরের কেশবডিহির গোয়ালা পাড়ায়। পেশায় কাঠের আসবাবপত্র পালিশের মিস্ত্রি রাধানাথবাবু প্রতিদিন ভোরে ফুল পাড়তে যেতেন। এদিনও ভোরে ফুল পাড়তে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু বেলা বাড়লেও তিনি আর বাড়ি ফেরেন নি। পরে শহরের ইয়ুথ ক্লাবের মাঠ লাগোয়া একটি নর্দমায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ফুল পাড়ার সময় গিয়ে নর্দমায় পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রাধানাথবাবুর মৃত্যু হয়। তদন্তে পুলিশ জেনেছে, রাধানাথবাবুর উচ্চ রক্তচাপ জনিত সমস্যা ছিল।

দুর্ঘটনায় জখম

গাড়ির ধাক্কায় জখম হল দুই নার্সারি পড়ুয়া-সহ তিনজন। মঙ্গলবার বিকালে হলদিয়ার দুর্গাচকের বালারমোড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, অংশু করণ ও সুজন জানা নামে ওই দুই পড়ুয়া দুর্গাচক থানা এলাকার বাসিন্দা। জখম দুই খুদেকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বিকালে দুর্গাচকের তালপুকুরের একটি নার্সারি স্কুল থেকে ছাত্রছাত্রীদের বাড়ি পৌছে দিতে পুলকারটি বেরিয়েছিল। দুর্গাচকের বালার মোড়ে কয়েকজন ছাত্রছাত্রীকে নামিয়ে দিয় পুলকারটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। মঞ্জুশ্রীগামী একটি গািড় পুলকারটিকে ধাক্কা মারলে। গাড়ির চালক-সহ দুই পড়ুয়া জখম হয়।

ধর্ষণের নালিশ

প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে মহিষাদলের লক্ষ্যার বাসিন্দা বিমল জানা নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযোগ, ভয় দেখিয়ে একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করেছে বিমল।

পড়ুয়াদের স্মারকলিপি

কলেজের বার্ষিক অনুষ্ঠানকে ব্যবহার করে রাজনৈতিক প্রচার চালিেয়ছে তৃণমূল। এই অভিযোগ তুলে স্মারকলিপি দিল মেদিনীপুর কমার্স কলেজের একদল পড়ুয়া। মঙ্গলবার তাঁরা টিচার ইনচার্জ বিবেকানন্দ দাস মহাপাত্রর কাছে লিখিত অভিযোেগ বলেন শনিবার মেদিনীপুর জেলা পরিষদ হলে কলেজের বার্ষিক অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজনৈতিক স্লোগান তোলা হয়েছে, রাজনৈতিক বক্তৃতা দেওয়া হয়েছে। ফলে গোটা অনুষ্ঠানটাই রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। যদিও টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি অবশ্য অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

উড়ালপুলের দাবি

কোলাঘাটের দেউলিয়া বাজারের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে উড়ালপুল তৈরির দাবি জানিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে স্মারকলিপি দিলেন স্থানীয় বাসিন্দারা। কমিটির সম্পাদক আনন্দ হান্ডা বলেন, ‘‘দেউলিয়া বাজার এলাকায় ৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করে ৬ লেনের কাজ হচ্ছে। ফলে গাড়ি যাতায়াত পরিমাণ বেড়ে যাবে। কিন্তু ওই এলাকায় একাধিক স্কুলের ছাত্র-ছাত্রী সহ ফুলবাজারে আসা কৃষকদের রাস্তা পারাপার করা ঝুঁকিবহুল হয়ে যাবে। বাসিন্দাদের সুবিধার্থে জাতীয় সড়কে উড়ালপুলের দাবি জানিয়েছি।’’

স্মারকলিপি

পানীয় জলের সঙ্কট দেখা দেওয়ার জলের দাবিতে হলদিয়া পুরসভায় ডেপুটেশন দিলেন শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে তাঁরা হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডলের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন। এলাকার বাসিন্দা শেখ সফিকুল ইসলাম, মুসলেমা বিবি জানান, এলাকায় পাইপলাইনের ব্যবস্থা নেই। পানীয় জলের দাবিতেই এই স্মারকলিপি। হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল জানান, ‘‘সমস্যার কথা জানা মাত্রই খারাপ টিউবওয়েল সারানোর নির্দেশ দিয়েছি।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy