ক্ষতিপূরণ চান আলু ব্যবসায়ীরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
বেশ কয়েকদিন পথে আলু বোঝাই ট্রাক আটকে রাখায় প্রচুর আলু নষ্ট হয়ে গিয়েছে। তাই এ বার ক্ষতিপূরণের দাবি তুললেন আলু ব্যবসায়ীরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকে গড়বেতা থানা এবং বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। দেওয়া হয় স্মারকলিপি। সংগঠনের রাজ্য সম্পাদক বরেন মণ্ডল বলেন, “ইতিমধ্যে ৭০-৮০ লরি আলু নষ্ট হয়ে গিয়েছে। পচে যাওয়া আলু এখন কলকাতা থেকে ফেরত পাঠানো হচ্ছে। গড়বেতাতেও কয়েক লরি আলু ফেরত এসেছে। এই আলুর দায় কে নেবে?” তাঁর কথায়, “ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেই এ দিন আমরা গড়বেতায় বিক্ষোভ কর্মসূচি করেছি।” আজ, বুধবার বর্ধমানে সংগঠনের রাজ্য কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে। বরেনবাবু বলেন, “বুধবার বর্ধমানে বৈঠক রয়েছে। ওই বৈঠক থেকেই আমরা পরবর্তী পদক্ষেপ স্থির করব।” এ দিন কলকাতা থেকে ফেরত আসা পচে যাওয়া আলুর লরি নিয়েই থানা এবং বিডিও অফিসের সামনে বিক্ষোভ চলে। ভিন্ রাজ্যে আলু রফতানিতে রাজ্য সরকার নিষেধাজ্ঞা আরোপ করার পর বেশ কয়েক দিন ওড়িশাগামী জাতীয় সড়কের উপর বহু আলু বোঝাই লরি আটকে দিয়েছিল পুলিশ। পরে লরিগুলি কলকাতা ও তার আশপাশে পাঠানো হয়। আলু ব্যবসায়ীদের কর্মসূচি প্রসঙ্গে জেলা পুলিশ সুপার ভারতী ঘোষের মন্তব্য, “আলু ব্যবসায়ীরা গড়বেতা থানায় স্মারকলিপি দিয়েছেন বলে শুনেছি। তাতে কী বলা হয়েছে দেখছি।”
খোঁজ মেলেনি নিখোঁজ মাঝির
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল
এক দিন কেটে গেলেও পুরানো কাঁসাই নদীতে তলিয়ে যাওয়া শঙ্কর মল্লিকের খোঁজ মিলল না। প্রশাসন সূত্রে খবর, সোমবার দাসপুর-২ ব্লকের শ্যামগঞ্জে কাঁসাই নদীতে তলিয়ে যান ওই গ্রামেরই বাসিন্দা পেশায় নৌকার মাঝি শঙ্করবাবু। ওই ব্লকের বিডিও অরূপ মণ্ডল বলেন, “শঙ্করবাবুর খোঁজে তল্লাশি চলছে।” স্থানীয় ও প্রশাসন সূত্রের খবর, ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হওয়ায় কংসাবতীর নদীতে আচমকাই জল বেড়ে যায়। ওই নদীর জল পুরনো কাঁসাই হয়ে রূপনারায়ণে পড়ে। শ্যামগঞ্জে কাঁসাই নদীর উপর একটি বাঁশের সেতু রয়েছে। ওই সেতুটি দুই মেদিনীপুর জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম। নদীর এক পাড়ে শ্যামগঞ্জ আর অন্য পাড়ে কোলাঘাট থানার ভড়দহ গ্রাম। প্রশাসন সূত্রে খবর, সোমবার ওই সেতুর উপর দিয়ে যওয়ার সময় সেতুটি ভেঙে যায়। তখনই শঙ্করবাবু নদীতে তলিয়ে যান। দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ মুখোপাধ্যায় বলেন, “জলের তোড় এবং নানা আবর্জনায় সেতুটি জীর্ণ হয়ে পড়েছিল। তার ফলেই এই বিপত্তি।”
দুর্ব্যবহারের নালিশ, ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
খারাপ ব্যবহারের অভিযোগ উঠল জেলা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। এই অভিযোগে মঙ্গলবার তাঁকে ঘেরাও করলেন দলিল লেখক থেকে শুরু করে রেজিস্ট্রি করতে আসা জমি ক্রেতা-বিক্রেতারা। পরে জেলা রেজিস্ট্রার পীযূষ ভট্টাচার্যের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঝাড়গ্রাম, ঘাটাল, দাসপুর ও গোপীবল্লভপুর এলাকার জমি রেজিস্ট্রির দায়িত্বে রয়েছেন জেলা সাব রেজিস্ট্রার-২ দেবপ্রতিম মিত্র। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দলিল লেখক থেকে শুরু করে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ছিল। অভিযোগ ছিল যথাযসময়ে অফিসে না আসারও। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। মঙ্গলবার বিষয়টি মাত্রা ছাড়ায়। অভিযোগ, এ দিন এক দলিল লেখক রেজিস্ট্রি সংক্রান্ত একটি বিষয় নিয়ে ওই সাব রেজিস্ট্রারের অফিসে ঢুকলে তাঁকে তাড়িয়ে দেন তিনি। সেই ঘটনা জানাজানি হতেই শুরু হয় ঘেরাও-বিক্ষোভ। দলিল লেখক নবকুমার রায় বলেন, “একজন দিনের পর দিন খারাপ ব্যবহার করে যাবেন, নিয়মিত অফিস করবেন না, তা কী ভাবে মেনে নেওয়া যায়।” দেবপ্রতিমবাবু অবশ্য মন্তব্য করতে রাজি হননি। আর জেলা রেজিস্ট্রার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
বিজেপিতে যোগ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির এক মহিলা সদস্য-সহ দেড়শো সমর্থক। মঙ্গলবার কেশিয়াড়ির লালুয়া গ্রাম পঞ্চায়েতের কুকাই গ্রামে সিপিএমের পঞ্চায়েত সমিতির সদস্য শান্তি কিস্কু বিজেপিতে যোগ দেন। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির জেলা সম্পাদক বাবলু বরম। কেশিয়াড়ির মণ্ডল সভাপতি উত্তম মাইতি বলেন, “কেশিয়াড়িতে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। আর গালে হাত দিয়ে বসে আছেন সিপিএম নেতৃত্ব। দলে নিরাপত্তা না পেয়েই ওঁরা আমাদের দলে এসেছেন।” শান্তিদেবীর সংযোজন, “সিপিএমে গুরুত্বও পাচ্ছিলাম না।” সিপিএমের জোনাল সম্পাদক ভবানী গিরির বক্তব্য, “ওই পঞ্চায়েত সদস্য নিরাপত্তার অভাবের কথা আমাদের জানাননি।”
বিক্ষোভ তমলুকে
নিজস্ব সংবাদদাতা • তমলুক
শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করা, প্রধান শিক্ষক সহ শ্রেণি ভিত্তিক শিক্ষক নিয়োগ-সহ বিভিন্ন দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে বিক্ষোভ-অবস্থান করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখা। সংগঠনের সদস্য শিক্ষক-শিক্ষিকারা সোমবার দুপুরে তমলুক শহরের নিমতলা মোড়ে বিপ্লবী সতীশচন্দ্র সামন্তের মূর্তির পাদদেশে জমায়েত হয়ে মিছিল করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে যায়। দুপুর থেকে বিকেল পর্যন্ত সংসদ অফিসের সামনে বিক্ষোভ-অবস্থান করেন ওই শিক্ষক-শিক্ষিকারা। পরে সংগঠনের তরফে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ও বিদ্যালয় পরিদর্শককে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।
বিজেপির সভা
আগামী ২৭ অগস্ট মেদিনীপুর শহরে সমাবেশ করবে জেলা বিজেপি। থাকবেন দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ। ওই দিন বেশ কয়েকজন অন্য দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বলে খবর। বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “২৭ অগস্ট মেদিনীপুর শহরে দলের সভায় রাহুল সিংহ থাকবেন। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।” সভা হবে শহরের গাঁধীমূর্তির পাদদেশে। পরে জেলা বিজেপির এক প্রতিনিধি দল কালেক্টরেটে গিয়ে স্মারকলিপি দেবে জেলাশাসককে।
মুহুরিদের দাবি
নানা দাবিতে মঙ্গলবার দুপুরে জেলা পরিবহণ দফতরের সামনে সভা করল আইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিম মেদিনীপুর মোটর ভেহিক্যালস্ মোহরার অ্যাসোসিয়েশন। ছিলেন সুব্রত সরকার, দেবাশিস রায় প্রমুখ। অ্যাসোসিয়েশনের দাবি, দফতরে অনৈতিক কাজ হচ্ছে। মুহুরিদের প্রতি খারাপ ব্যবহার করা হচ্ছে। সুরাহা না হলে জেলাশাসকের কাছে দরবার করবেন সংগঠনের নেতারা।
প্রসাদ খেয়ে অসুস্থ
পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩০ জন। সোমবার দাসপুর থানার ফরিদপুরে অসুস্থদের মধ্যে ১০ জনকে স্থানীয় সোনাখালি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের চিকিৎসা চলছে গ্রামেই। খবর পেয়েই গ্রামে যান জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবদুলাল মুখোপাধ্যায়, বিডিও অরূপ মণ্ডল-সহ প্রশাসনের আধিকারিকরা।
স্মারকলিপি
ঘাটাল মাস্টার প্ল্যানের ডিপিআর সংশোধন করে অনুমোদনের ব্যবস্থা, কৃষকদের ঋণ মকুব-সহ দশটি দাবিতে ডেপুটেশন দিল ঘাটাল মহকুমা কংগ্রেস। সোমবার কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামীর নেতৃত্বে শতাধিক দলীয় কর্মী স্মারকলিপি জমা দেন।
মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনে স্বাধীনতা দিবসের
কুচকাওয়াজের মহড়া। মঙ্গলবার। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
জাতীয় পতাকার পসরা দোকানে