অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি আজ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল
গড়বেতা-৩ ব্লকের তৃণমূল পরিচালিত কড়সা পঞ্চায়েতের প্রধান কবিরুল ইসলামের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে তলবি সভায় ভোটাভুটি হবে আজ, বৃহস্পতিবার। এ দিন সকাল দশটায় ব্লকের যুগ্ম বিডিও পার্থ চক্রবর্তীর উপস্থিতিতেই ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২৫ অগস্ট করসা পঞ্চায়েতের দলীয় প্রধান কবিরুল ইসলামের বিরুদ্ধে তৃণমূল পঞ্চায়েত সদস্যেরা বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেয়। বিডিও সুশোভন মণ্ডল বলেন, “প্রধানের বিরুদ্ধে আনা চিঠিতে দল থেকে তাঁকে বহুদিন আগে বহিষ্কার করার কথা বলা হয়েছে। ওই পঞ্চায়েতের মোট ১৫ জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে।” বিডিও বলেন, “প্রস্তাবে সকল পঞ্চায়েত সদস্যের সই রয়েছে। আজ, পঞ্চায়েত আইন অনুযায়ী এ নিয়ে ভোটাভুটি হবে।” তৃণমূল সূত্রে খবর, গত পঞ্চায়েত নিবার্চনের মাস তিনেক পর থেকেই দলের স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল শুরু হয়। দলীয় সূত্রে খবর, দলের এক প্রভাবশালী নেতার মদতে ফের কবিরুল ইসলাম গোষ্ঠীর লোকেদের হেনস্থা করার অভিযোগ ওঠে। চার মাসেরও বেশি সময় ধরে কবিরুল ইসলাম গ্রাম ছেড়ে অনত্র আশ্রয় নেন। এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, “দল বিরোধী নানা কার্যকলাপের জন্য কবিরুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।” যদিও ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক আকাশদীপ সিংহ বলেন, “কবিরুলকে বহিষ্কারের বিষয়টি আমার জানা নেই।” দলের এক জেলা নেতার কথায়, “দলের নানা দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে বিরাগভাজন হতে হয়েছে।” তবে এ দিন একাধিক বার কবিরুল ইসলামের সঙ্গে ফোনে কথা বলার জন্য চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ময়নার প্রাক্তন বাম বিধায়কের
নিজস্ব সংবাদদাতা • তমলুক
সাংবাদিক বৈঠকে শেখ মুজিবর (মাঝে) নিজস্ব চিত্র।
সিপিএম নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে এ বার দল ছেড়ে ‘ভারত নির্মাণ মঞ্চে’ যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার প্রাক্তন বিধায়ক তথা দলের জেলা কমিটির সদস্য মুজিবর রহমান। বুধবার তমলুকের নিমতৌড়িতে সাংবাদিক বৈঠক ডেকে মুজিবর রহমান সিপিএম ছাড়ার পাশাপাশি লক্ষ্মণ শেঠের নেতৃত্বাধীন ভারত নির্মাণ মঞ্চে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। এ দিন দলের সদস্য পদ ও জেলা কমিটির সদস্য পদ থেকে সরে যাওয়ার জন্য সিপিএম জেলা সম্পাদকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও জানান মুজিবর।সাংবাদিক বৈঠকে সিপিএম নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে মুজিবর বলেন, “নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অভিযুক্ত হয়ে লক্ষ্মণ শেঠ-সহ বেশ কয়েকজন দলীয় নেতা-কর্মীরা গ্রেফতার ও জেল হাজচে ছিলেন। দলের রাজ্য নেতৃত্ব ওই মামলাকে মিথ্যা মামলা বলে দাবি করলেও লক্ষ্মণ শেঠ একাধিকবার জেলা আদালতে এলেও তাঁর সঙ্গে কেউ দেখা করতে আসেননি।” এদিন তমলুকের নিমতৌড়িতে ‘ভারত নির্মাণ মঞ্চ’এর জেলা কার্যালয়ে এসে মঞ্চের সম্পাদক বিজন মিত্র ও সহ-সভাপতি শক্তি বেরার পাশে বসে মুজিবরের আরও অভিযোগ, “আমাদের জেলার বাসিন্দা না হওয়া সত্বেও তাপস সিংহকে যেভাবে প্রথমে ২৬ জুলাই জেলা কমিটির সদস্য করা হল। এরপর মাত্র ১৫ দিনের মাথায় ১১ আগস্ট জেলা সম্পাদকমণ্ডলীতে স্থান দেওয়া হল তাতে রাজ্যে নেতৃত্বের স্বেচ্ছাচারিতা ফুটে উঠেছে। দলীয় নেতৃত্বের এইসব অমানবিক ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণেই আমি সিপিএম পার্টি ছাড়লাম।” তমলুকের চনশ্বরপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবর রহমান সিপিএম প্রভাবিত শিক্ষক সংগঠন এবিটিএ’র পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক পদে রয়েছেন। এ দিন সিপিএম ছাড়ার ঘোষণা করলেও এবিটিএ’এর জেলা সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে তিনি জানিয়ে দেন।
ছাত্র পরিষদের দাবি
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
কলেজে পড়াশুনোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি নিয়ে এ বার জেলা প্রশাসনের দ্বারস্থ হল ছাত্র পরিষদ। বুধবার সংগঠনের এক প্রতিনিধিদল অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) আর অর্জুনের সঙ্গে দেখা করে লিখিত দাবিপত্রও জমা দেয়। ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “কলেজে যাঁরা গোলমাল করেছে আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। না হলে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে।” গত সপ্তাহে কমার্স কলেজে ছাত্র পরিষদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের ঝামেলা হয়েছিল।
টেন্ডারে অস্বচ্ছতা, তদন্ত
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
পঞ্চায়েত সমিতির টেন্ডার নিয়ে ওঠা অস্বচ্ছতার অভিযোগে তদন্তে নামলেন মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। বুধবার ডেবরা পঞ্চায়েত অফিসে তদন্তে যান খড়্গপুর মহকুমাশাসকের কার্যালয়ের একটি প্রতিনিধিদল। ওই দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃণালকান্তি গুইন।, এ দিন ব্লকের পূর্ত ও স্থায়ী সমিতির দফতরের গিয়ে বেশকিছু কাগজ খতিয়ে দেখেন তাঁরা। গত সোমবার খড়্গপুরের মহকুমাশাসকের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছিলেন ওই ব্লকের পাঁচজন ঠিকাদার। ওই ঠিকাদারদের অভিযোগ ছিল, পঞ্চায়েত সমিতির ২৫টি উন্নয়নমূলক কাজের জন্য ডাকা টেন্ডারের আবেদন করতে দেওয়া হয়নি। মহকুমাশাসক বলেন, “তদন্ত চলাকালীন ওই টেন্ডার প্রক্রিয়ার কাজ বন্ধ থাকবে।”
সিপি-র দাবি
কলেজে পড়াশুনোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি নিয়ে এ বার জেলা প্রশাসনের দ্বারস্থ হল ছাত্র পরিষদ। বুধবার সংগঠনের এক প্রতিনিধিদল অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) আর অর্জুনের সঙ্গে দেখা করে লিখিত দাবিপত্রও জমা দেয়। ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “কলেজে যাঁরা গোলমাল করেছে আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। না হলে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে।” গত সপ্তাহে পরপর দু’দিন কমার্স কলেজে ছাত্র পরিষদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের ঝামেলা হয়েছিল। ছাত্র সংসদের ঘর ভাঙচুরও হয়। এই পরিস্থিতিতে কলেজে টিচার ইন-চার্জ বিবেকানন্দ দাস মহাপাত্র দায়িত্ব থেকে ইস্তফা দিতে চেয়ে পরিচালন সমিতির সভাপতি শ্যামলেন্দু মাইতির কাছে চিঠিও দেন। অবশ্য বিবেকানন্দবাবুকে এখনও অব্যাহতি দেওয়া হয়নি। কাল, শুক্রবার কলেজ পরিচালন সমিতির বৈঠক রয়েছে।
কৃষি সরঞ্জাম বিলি
কৃষকদের ভর্তুকিমূল্যে কৃষিজ সরঞ্জাম বিলি করল কৃষি দফতর। বুধবার দাঁতন-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাগৃহে আনুষ্ঠানিকভাবে এই সরঞ্জাম বিলি করা হয়। এর ফলে ব্লকের প্রায় ১৩০জন কৃষক উপকৃত হবেন বলে জানা গিয়েছে। এ দিন ইলেকট্রিক ও মোটরচালিত পাম্পসেট, পাওয়ার টিলার, ধানঝাড়াই মেশিন-সহ বেশ কিছু কৃষিকাজের উপযোগী সরঞ্জাম বিলি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কৃষি কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা কৃষি উপ-অধিকর্তা নিমাই রায়, ব্লক কৃষি কর্মাধ্যক্ষ দুর্গাশঙ্কর মিশ্র প্রমুখ।
বাজি উদ্ধার
ময়নায় বেআইনি বাজি তৈরির সময় দুর্ঘটনার পর নড়েচড়ে বসল পুলিশ। বুধবার বিকেলে পাঁশকুড়া থানার চিল্কা গ্রামে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে কয়েকটি বাড়ি থেকে প্রায় ২৫০০ কিলোগ্রাম বাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে। তবে বাজি তৈরিতে যুক্ত কাউকে পুলিশ ধরতে পারেনি। জেলা পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, “একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই হাজার কিলোগ্রাম বিভিন্ন ধরনের বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি বদল
পূর্ব মেদিনীপুর জেলার দুই থানার ওসি বদল হল। খেজুরি থানার ওসি অমিয় ঘোষ হচ্ছেন রামনগর থানার ওসি। তমলুক থানার সাব-ইন্সপেক্টর অজিতকুমার ঝা হচ্ছেন খেজুরি থানার ওসি। রামনগর থানার ওসি শুধাংশু লায়েককে বদলি করা হয়েছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে। জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, “জেলার দুই থানার ওসি বদল করা হয়েছে। এটা রুটিন বদলি।”
সংবর্ধনা
আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে অবসরপ্রাপ্ত ৩০ জন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দেবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও জেলা শিক্ষা দফতর। জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংসদ শিশির অধিকারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, বিশেষ অতিথি রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র প্রমুখ।