Advertisement
E-Paper

টুকরো খবর

পথসভায় খাগড়াগড়-কাণ্ড নিয়ে শাসক দলকে বিঁধে বক্তব্য রাখছিলেন সিপিএম নেতারা। পুলিশ এসে মাইক বন্ধের ফতোয়া দিল। শুক্রবার সন্ধ্যায় সিপিএমের ঝাড়গ্রাম শহর জোনাল কমিটির ওই সভা-মিছিল তড়িঘড়ি শেষ করেও অবশ্য রেহাই পেলেন না নেতা-কর্মীরা। দলীয় কার্যালয়ে পৌঁছে সিপিএমের ঝাড়গ্রাম শহর জোনাল সম্পাদক প্রদীপ সরকার, জেলা কমিটির সদস্য শিবনাথ গুহ, শহরের তিন লোকাল সম্পাদক পার্থ যাদব, অরুণ পাল ও রমেন করকে থানায় নিয়ে গেল পুলিশ।

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৪ ০০:১৪

সিপিএমের সভায় পুলিশ

নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম

পথসভায় খাগড়াগড়-কাণ্ড নিয়ে শাসক দলকে বিঁধে বক্তব্য রাখছিলেন সিপিএম নেতারা। পুলিশ এসে মাইক বন্ধের ফতোয়া দিল। শুক্রবার সন্ধ্যায় সিপিএমের ঝাড়গ্রাম শহর জোনাল কমিটির ওই সভা-মিছিল তড়িঘড়ি শেষ করেও অবশ্য রেহাই পেলেন না নেতা-কর্মীরা। দলীয় কার্যালয়ে পৌঁছে সিপিএমের ঝাড়গ্রাম শহর জোনাল সম্পাদক প্রদীপ সরকার, জেলা কমিটির সদস্য শিবনাথ গুহ, শহরের তিন লোকাল সম্পাদক পার্থ যাদব, অরুণ পাল ও রমেন করকে থানায় নিয়ে গেল পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এলে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশের এমনই ‘অতি সক্রিয়’ ভূমিকা দেখা গেল ঝাড়গ্রাম শহরে। এ দিন কৃষকসভার একটি জাঠার সমর্থনে রাজ্য জুড়ে সিপিএমের মিছিল ও পথসভা কর্মসূচি ছিল। দলের ঝাড়গ্রাম শহর জোনাল সম্পাদক প্রদীপবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ এতই ব্যস্ত ছিল, যে আমাদের কথা শোনার সময় তাদের ছিল না। মৌখিক ভাবে থানা থেকে বলেছিল, ১৬ অক্টোবরের পরে কর্মসূচি করা যাবে।” প্রদীপবাবু জানান, এরপর মাইক ব্যবহার করে পথসভার কথা তাঁরা মহকুমাশাসককে লিখিতভাবে জানিয়েছিলেন। এ দিন সেই চিঠির প্রতিলিপি দেখালেও পুলিশ কোনও কথা শুনতে চায়নি বলে অভিযোগ এই সিপিএম নেতার। তাঁর কথায়, “বিরোধী স্বরকে স্তব্ধ করতে পুলিশের এই অতি সক্রিয়তা নিন্দনীয়।” এ প্রসঙ্গে জানতে চেয়ে ফোন করেন এ দিন অবশ্য ফোন ধরেননি ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ভারতী ঘোষ।

Advertisement

খড়্গপুরে নাটক স্কুল পড়ুয়াদের

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

স্বচ্ছ ভারত-এর লক্ষ্যে ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরে পথে নেমে চারটি ভাষায় নাটক করল স্কুল পড়ুয়ারা। শুক্রবার খড়্গপুরের দক্ষিণ-পূর্ব রেলের বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকেই এই কর্মসূচি। স্কুল থেকে পরিবেশ সচেতনতার প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রা বের করে প্রায় চারশো পড়ুয়া। শোভাযাত্রাটি স্কুল থকে বেরিয়ে রাম মন্দিরে যায়। সেখান থেকে বাসস্ট্যান্ড হয়ে শোভাযাত্রা শেষ হয় বোগাদার রেল স্টেশনে। এ দিন রামমন্দির, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ডিআরএম অফিসের মতো এলাকায় এই বিষয়ে পথ নাটিকাও মঞ্চস্থ করে স্কুলের পাঁচ পড়ুয়া। বাংলা, হিন্দি, তেলুগু ও ওড়িয়া ভাষায় ‘বিপন্ন পরিবেশ’ শীর্ষক এই পটনাটিকার সংলাপ রচনা করেন স্কুলের শিক্ষক হিরেন্দ্রনাথ প্রধান। স্কুলের প্রিন্সিপাল প্রীতিময় গঙ্গোপাধ্যায় বলেন, “নির্দেশ ছিল স্বচ্ছ ভারত অভিযান পালন করতে হবে। সেই মতো ২অক্টোবর থেকে নানা কর্মসূচি পালন চলছিল। এ দিন নাটকের মাধ্যমে নগরের মানুষকে সচেতন করার চেষ্ঠা করা হয়।”

এসসি-এসটি সেলের সভায় স্বচ্ছতার আহ্বান

তৃণমূলের এসটি-এসি (তফসিলি জাতি ও উপজাতি) সেলের জেলা সাধারণ সভা অনুষ্ঠিত হল মেদিনীপুরে। শুক্রবার বিদ্যাসাগর হলে এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক সুনীল মণ্ডল, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, দলের এসটি- এসি সেলের জেলা সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু প্রমুখ। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ। জেলার ২৯টি ব্লক এবং ৮টি শহরের নেতৃত্ব সম্মেলনে যোগ দেন। বক্তব্য রাখতে গিয়ে সকলেই সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দেন। তৃণমূলের এসটি-এসি সেলের রাজ্য সভাপতি সুনীলবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই আমাদের কাজ করতে হবে। নতুন করে গ্রামবাংলা গড়তে হবে। আমরা কেউ নেতা-নেত্রী নই, আমাদের সকলকে সংগঠনের সৈনিক হিসেবে কাজ করতে হবে।” এ দিন কর্মীদের সতর্কবার্তাও দেন তিনি। ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করতে না পারলে পদ ছাড়তে হবে বলেও বুঝিয়ে দেন সুনীলবাবু। জেলা তৃণমূল সভাপতি দীনেনবাবুও বলেন, “আমাদের শৃঙ্খলাপরায়ণ, দায়িত্বশীল, স্বচ্ছ, সৎ মানসিকতা নিয়ে সর্বত্র শান্তি বজায় রেখে উন্নয়নের কাজ করতে হবে। সংগঠনকে মজবুত করে গড়ে তোলা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, শান্তি, উন্নয়ন-বার্তাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কর্তব্য।”

দূরত্ব অনুযায়ী বাস-ভাড়া চালুর দাবি

নিজস্ব সংবাদদাতা • তমলুক

হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলায় বাসের স্টেজ ভিত্তিক ভাড়া চালুর দাবি ও রাত ৯টা পর্যন্ত জেলার সব রুটেই বাস চালানোর দাবিতে শুক্রবার জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিকের কাছে স্মারকলিপি দিল পূর্ব মেদিনীপুর জেলা পরিবহণ যাত্রী কমিটি। সংগঠনের সহ-সম্পাদক নারায়ণ নায়েকের দাবি, কলকাতা ছাড়াও হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় স্টেজ ভিত্তিক বাস ভাড়া চালু রয়েছে। একই দুরত্ব যেতে ওই সব জেলার তুলনায় আমাদের জেলায় অনেক বেশি বাসভাড়া দিতে হয়। এই বৈষম্য দূর করতে জেলাতেও স্টেজ ভিত্তিক ভাড়ার চালুর দাবি জানানো হয়েছে। তাছাড়া জেলার সব রুটেই ন্যূনতম রাত ৯টা পর্যন্ত বাস চলাচল চালু রাখার দাবি জানানো হয়েছে।

অবরোধ গাঁধীঘাটে

ফের অবরোধ হল গাঁধীঘাট এলাকায়। নদীর আশপাশ থেকে অবৈধ ভাবে বালি তোলা বন্ধের দাবিতে শুক্রবার সকালে এখানে পথ অবরোধ করেন এলাকার একাংশ মানুষ। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন পথচলতি মানুষ। বেশ কিছু গাড়িও আটকে যায়। মেদিনীপুর শহরের একপাশ দিয়েই চলে গিয়েছে কাঁসাই নদী। নদীর আশপাশ থেকে অবৈধ ভাবে বালি তোলার অভিযোগ নতুন নয়। এখন আবার মেশিনের সাহায্যে বালি তোলা হয়। ফলে, যত্রতত্র ছোট-বড় গর্ত তৈরি হয়। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। অদূরেই রয়েছে সেতু। অবৈধ ভাবে বালি তোলা বন্ধের দাবিতেই এ দিন সকালে গাঁধীঘাট এলাকায় পথ অবরোধ করেন একাংশ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর অবরোধ ওঠে।

টেলিফোন গ্রাহকদের পরিষেবা নিয়ে আলোচনা

টেলিফোন গ্রাহকদের অধিকার নিয়ে সচেতন করা ও পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা-পরামর্শ জানার জন্য এক আলোচনাসভা হল তমলুক শহরে। শুক্রবার দুপুরে পুরসভার কাছে একটি বেসরকারি সভাকক্ষে ‘ট্রাই’ (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) ও ক্রেতা সুরক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই আলোচনা সভায় পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত অধিকারী, ট্রাই’য়ের কলকাতা আঞ্চলিক উপদেষ্টা রূপা পালচৌধুরী, ক্রেতা সুরক্ষা দফতরের পূর্ব মেদিনীপুরের উপ অধিকর্তা অমরেন্দ্রনাথ সরকার ও টেলিফোন সংস্থার আধিকারিক-প্রতিনিধি, জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের কনজিউমারস ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের আলোচনাসভায় রুপাদেবী টেলিফোন গ্রাহকদের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অধিকার ও এনিয়ে সমস্যার বিষয়ে টেলিকম সংস্থাগুলির কাছে কিভাবে অভিযোগ জানানো যাবে তা নিয়ে আলোচনা করেন।

ভোটার কার্ডে নাম তোলাতে উদ্যোগ

সদ্য সাবালিকাদের ভোটার কার্ডে নাম তোলানোর কাজে উদ্যোগী হল ঘাটাল মহকুমা প্রশাসন। মহকুমায় মেয়েদের ভোটার তালিকায় নাম অন্য মহকুমার তুলনায় অনেক কম। কারণ, অনেক সাবালিকা এবং প্রাপ্ত বয়ষ্কা মহিলারও ভোটার তালিকায় নাম তোলেননি। মহকুমাশাসক হিসাবে যোগ দিয়ে বিষয়টি জানতে পারেন রাজনবীর সিংহ কপূর। এরপর মহকুমার সমস্ত বিডিও, পঞ্চায়েত প্রধান-সহ জন প্রতিনিধিদের নিয়ে প্রথমে একটি বৈঠক করেন। সেখানে এ নিয়ে প্রচারের আর্জি জানানো হয়। রাজনবীর সিংহ কপূরের কথায়, “সাবালিকারা নিজের পঞ্চায়েত বা পুরসভায় গিয়ে তালিকায় নাম তোলার জন্য ফর্ম তুলে জমা দিয়ে দিলেই তাঁর কাছে ভোটার কার্ড পৌঁছে দেওয়া হবে।”

দোকানে চুরি

মুদি দোকানের দরজা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে পাঁশকুড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুসূদনবাড় এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে। পাঁশকুড়া স্টেশন লাগোয়া রেলগেটের কাছে মধুসূদনবাড় এলাকার স্থানীয় এক মুদি দোকানের দরজা ভেঙে দুষ্কৃতীরা হানা দেয়। দুষ্কৃতীরা দোকানের ভিতরে গুদাম ও দোকানে থাকা বিভিন্ন জিনিসপত্র মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পালায় বলে ওই ব্যবসায়ীর অভিযোগ। দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু হয়েছে।

সচেতনতা শিবির

মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে শুক্রবার কাঁথি ক্লাব মহকুমা গ্রন্থাগারে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ, শিশু শ্রম, নারী পাচারের ক্ষেত্রে আইনি সচেতনতা প্রসঙ্গে আলোচনা করেন কাঁথি আদালতের বিচারক অলকেশ দাস, আইনজীবী সমীররঞ্জন মণ্ডল, আইনি পরিষেবা কমিটির সম্পাদক নিবেদিতা পণ্ডিত প্রমুখ।

বিজয়া সম্মিলনী

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

শালবনি ব্লক যুব তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মিলনী হল শুক্রবার। পিরাকাটা কমিউনিটি হলে এক সভায় ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, তৃণমূলের শালবনি ব্লক সভাপতি তথা শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ প্রমুখ। আগামী দিনের কর্মসূচি নিয়েও সম্মিলনীর সভায় আলোচনা হয়।

কৃষক জাঠা

চলছে জাঠা। নিজস্ব চিত্র

কৃষক জাঠা হল মেদিনীপুর সদর ব্লকে। শুক্রবার বিকেলে সদর ব্লকের সামনে এক সভাও হয়। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিংহ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিজয় পাল, বিধায়ক রামেশ্বর দোলুই প্রমুখ। গত বুধবার থেকে পশ্চিম মেদিনীপুরেও কৃষক জাঠা শুরু হয়েছে।

কার্তুজ উদ্ধার

নদীর চর থেকে উদ্ধার হল কার্তুজ। ঘটনাটি শালবনি থানার খামাড়বাড় এলাকার। এই এলাকার পাশ দিয়েই চলে গিয়েছে তমাল নদী। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে নদীর ধারে কয়েকজন বালি তুলছিলেন। সেই সময়ই একটি পলিথিনের প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটের মধ্যে প্রায় ৮০টি কার্তুজ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

দেপালে নক-আউট ফুটবল

দেপাল আজাদ হিন্দ ক্লাব পরিচালিত নক-আউট ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার জিতল আসানসোল দিশারী ক্লাব। দেপাল ফুটবল মাঠে এ দিনের খেলায় আসানসোল দিশারী ৪-২ গোলে বসিরহাট একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন ধ্রুবজ্যোতি ভুঁইয়া। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রাক্তন জাতীয় ফুটবলার বিকাশ পাঁজি।

স্কুল ফুটবলে পশ্চিমের হার

ছাত্রদের স্কুল ফুটবল থেকে ছিটকে গেল পশ্চিম মেদিনীপুর। শুক্রবার হুগলির ভদ্রেশ্বরে অনুষ্ঠিত হয় ৬০ তম অনূর্ধ্ব-১৯ স্কুল ফুটবল (ছাত্র) প্রতিযোগিতার রাজ্যস্তরের খেলা। মুখোমুখি হয় নদিয়া ও পশ্চিম মেদিনীপুর। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। ট্রাইবেকারে জয়ী হয় নদিয়া।

মণিদহে ফাইনাল ২১শে

মেদিনীপুর সদর ব্লকের মণিদহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় এলাকারই ১৬টি দল যোগ দেয়। ইতিমধ্যে লিগ পর্যায়ের খেলা শেষ হয়েছে।

med tukro brief story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy