E-Paper

দেবের সংক্ষিপ্ত কর্মসূচিতে ক্ষোভ, বিতর্কও

দেবকে দেখার জন্য রাস্তার দু’পাশে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। তবে হেলিকপ্টারে দেরি হওয়ায় কিছুটা সময় নষ্ট হয়েছিল দেবের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৮:১৯
নন্দকুমারে ছয়ফুকার এলাকায় তৃণমূল প্রার্থী সুকুমার দের সমর্থনে ভোটের প্রচারে সাংসদ দেব (বাঁ দিকে)।

নন্দকুমারে ছয়ফুকার এলাকায় তৃণমূল প্রার্থী সুকুমার দের সমর্থনে ভোটের প্রচারে সাংসদ দেব (বাঁ দিকে)। বুধবার ভোট প্রচারে তমলুকের বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা। নিজস্ব চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আগের দিনই জেলায় তৃণমূলের প্রচারে তারকা নেতা-নেত্রীর কর্মসূচি। তবে সেই কর্মসূচির তাল কাটল বুধবার।

দেরিতে আসায় এক তারকা সাংসদ দীপক অধিকারীর (দেব) নন্দকুমারের কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয়েছে। যা নিয়ে ক্ষোভ দেখা যায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে। পাশাপাশি, স্কুলের পরীক্ষা চলাকালীন দেবের কর্মসূচিতে মাইক বাজানো নিয়ে বিতর্ক হয়েছে দ্বারিবেড়িয়ায়। তৃণমূলের আরেক তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বুধবার জেলায় রোড-শো করার কথা ছিল। তবে এ দিন তিনি আসেননি।

এ দিন সকালে হলদিয়ায় ও মহিষাদলে এবং বিকেলে নন্দকুমারে তৃণমূলের স্থানীয় প্রার্থীদের সমর্থনে দেবের প্রচার কর্মসূচি ছিল। দেবের হেলিকপ্টার হলদিয়া ট্রেড সেন্টারে নামার কথা ছিল বেলা ১১টায়। তবে সকালে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণ করে বেলা সাড়ে ১২টায়। দেবকে নিয়ে মোটরবাইক মিছিল ক্ষুদিরাম নগর, কদমতলা সিটি সেন্টার হয়ে দুর্গাচক স্টেডিয়াম যায়। দুর্গাচক থেকে চৈতন্যপুর পর্যন্ত বিশাল র‍্যালিতে হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে দেব যোগ দেন মিছিলে। দেবের পাশে ছিলেন হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডল।

দেবকে দেখার জন্য রাস্তার দু’পাশে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। তবে হেলিকপ্টারে দেরি হওয়ায় কিছুটা সময় নষ্ট হয়েছিল দেবের। তাই চৈতন্যপুর পর্যন্ত না গিয়েই তিনি সুতাহাটা থেকে গেঁওখালির উদ্দেশে বেরিয়ে যান। তাঁকে দেখার জন্য সুতাহাটায় রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন হতাশ হন। তাঁরা বিক্ষোভও দেখান।

একই পরিস্থিতি হয়েছে বিকেলে নন্দকুমারের তৃণমূল প্রার্থী সুকুমার দে’র সমর্থনে আয়োজিত রোড-শো তেও। সাওড়াবেড়িয়া জালপাই এলাকার ছয় ফুকার লকগেট থেকে ঠেকুয়া বাজার পর্যন্ত কর্মসূচিতে ছিল। তা বিকেল সাড়ে ৩টে নাগাদ শুরুর কথা ছিল। নির্ধারিত সময়ের কিছুটা পরে দেবের হেলিকপ্টারে নন্দকুমারে পৌঁছয়। ছয় ফুকার লকগেট থেকে ঠেকুয়া বাজারগামী সড়কে রোড-শো শুরু করেন। সঙ্গে ছিলেন প্রার্থী সুকুমার।

দেবকে দেখার জন্য প্রায় সাত কিলোমিটার দীর্ঘ ওই সড়কের দু’ধারে প্রচুর মানুষের ভিড় জমেছিল। কিন্তু ছয় ফুকার লকগেট থেকে রোড-শো প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এগোনোর পরে ঘোড়াই সুড়ার কাছে তা থামিয়ে দেওয়া হয়। দেব সেখান থেকে গাড়িতে করে হেলিকপ্টারের কাছে চলে যান। ঠেকুয়া বাজারের প্রায় দেড় কিলোমিটার আগে কর্মসূচি শেষ হওয়ায় লোকজন হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে তৃণমূল জেলা (তমলুক) সভাপতি সুজিত রায় বলেন, ‘‘খারাপ আবহাওয়ার কারণে কিছুটা আগেই হেলিকপ্টার রওনা হয়। তাই রোড-শো কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে।’’

দেবের কর্মসূচিতে বিতর্কও হয়েছে। দুপুরে মহিষাদল বিধানসভার দ্বারিবেড়িয়া স্কুল মাঠে দেবর সভা ছিল। দ্বাড়িবেড়িয়া হাই স্কুল সংলগ্ন মাঠে ওই সভা নিয়ে অভিযোগ করেছে বিজেপি। হলদিয়ায় বিজেপি নেতা আনন্দময় অধিকারীর অভিযোগ, ‘‘এ দিন স্কুলে পরীক্ষা ছিল। দেবের অনুষ্ঠানের অনেক আগে থেকে মাইক বাজানো হচ্ছিল। তাতে পরীক্ষার্থীদের অসুবিধা হয়েছে।’’ স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন গোস্বামী বলছেন, ‘‘সকাল থেকেই মাইক বাজছিল। তাতে পরীক্ষার সময় কিছুটা অসুবিধা হচ্ছিল।’’ এ বিষয়ে মহিষাদল বিধানসভার তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তী বলছেন, ‘‘দেবের সভা শুরু হয় ৩টের পরে। সেই সময় পরীক্ষা হচ্ছিল কি না, জানা নেই।’’

এ দিন রামনগরের তৃণমূল প্রার্থী অখিল গিরির সমর্থনে তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে মঙ্গলবার থেকে এলাকায় প্রচার করা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত সভায় যাননি তিনি। পরিবর্তে আসেন টলিউডের এক অভিনেত্রী। এ বিষয়ে রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার বলেন, ‘‘অসুবিধার কারণে রচনা বন্দ্যোপাধ্যায় আসতে পারেননি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nandakumar Dev TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy