E-Paper

স্টপে খুশি সংগঠন, থাকল উড়ালপুলের দাবিও

রেলযাত্রী সংগঠন খড়্গপুর-আদ্রা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন (কারপা) থেকে এই দাবি ২০১৩ সালথেকেই উঠছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৪
গড়বেতা রেল স্টেশনে আসানসোল-দিঘা এক্সপ্রেসের চালকদের মালা পরিয়ে অভিনন্দন জানানো হল।

গড়বেতা রেল স্টেশনে আসানসোল-দিঘা এক্সপ্রেসের চালকদের মালা পরিয়ে অভিনন্দন জানানো হল। নিজস্ব চিত্র ।

দীর্ঘ প্রতিক্ষার অবসান।

রবিবার থেকে আসানসোল-দিঘা এক্সপ্রেস দাঁড়াতে শুরু করল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, চন্দ্রকোনা রোড, শালবনি স্টেশনে। পরিষেবা শুরুর প্রথম দিনে গড়বেতা স্টেশনে ট্রেনের দুই চালক ও ম্যানেজারকে (গার্ড) অভিনন্দন জানাল রেলযাত্রী সংগঠন। একই সঙ্গে গড়বেতার গেটবাজারে উড়ালপুল বা আন্ডারপাস না হলে দেওয়া হল আমরণঅনশনের হুঁশিয়ারিও।

এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ গড়বেতা স্টেশনে পৌঁছয় আসানসোল-দিঘা এক্সপ্রেস। সপ্তাহের অন্য দিন ট্রেনটি আসানসোল-হলদিয়া এক্সপ্রেস রূপে চললেও রবিবার এর রুট বদলে হয় আসানসোল-দিঘা। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-মেদিনীপুর শাখায় একমাত্র সরাসরি দিঘাগামী এই ট্রেনের উপরেই যাত্রীদের ভরসা করতে হত।

কিন্তু এই ট্রেনের বিষ্ণুপুরের পর মেদিনীপুরে ‘স্টপ’ থাকায়, মাঝের গড়বেতা, চন্দ্রকোনা রোড, শালবনি স্টেশনের যাত্রীরা সমস্যায় পড়তেন। গত বছর দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে স্বভাবতই সর্বস্তর থেকে দাবি উঠেছিল সপ্তাহে একদিন ট্রেনটিকে দাঁড় করানো হোক এই স্টেশনগুলিতে। যদিও রেলযাত্রী সংগঠন খড়্গপুর-আদ্রা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন (কারপা) থেকে এই দাবি ২০১৩ সালথেকেই উঠছিল।

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায়, ওই সংগঠনের তরফে এ দিন গড়বেতা স্টেশনে আসানসোল-দিঘা এক্সপ্রেসর দুই চালক ও ম্যানেজারকে ফুলের মালা পরিয়ে, হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়। ছিলেন কারপা-র সভাপতি বিশ্বনাথ পাটোয়ারী, সাধারণ সম্পাদক দুর্গাদাস দে-সহ সংগঠনের অন্যরা।

তার পরেই স্টেশন চত্বরে এক সভায় একাধিক দাবি তোলা হল ওই সংগঠনের তরফে। সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন বাঁকুড়ার সম্পাদক রবিশঙ্কর সুরেখা, চন্দ্রকোনা রোডের সম্পাদক কৌশিক রঞ্জন সাঁই, রেলের আদ্রা ডিভিশনের জেডআরইউসিসি-র সদস্য দেবেন্দ্রকুমারসেভারিয়া-সহ অন্যরা।

সেখানেই কারপা নেতৃত্ব গড়বেতা স্টেশনের সামনে গেটবাজার এলাকায় অবিলম্বে উড়ালপুল বা আন্ডারপাস না হলে আমরণ অনশনের হুমকি দেন। তাঁদের এই দাবিকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন গড়বেতা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক কানাইলাল দত্ত,তাপসচন্দ্র প্রমুখ।

সভা শেষে গড়বেতার স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপিও তুলে দেওয়া হয়। আদ্রা ডিভিশনের এডিআরএম খগেন্দ্রনাথ ঘোষ বলেন, “গড়বেতায় উড়ালপুল বা আন্ডারপাসের বিষয়টি প্রস্তাবাকারে রেলবোর্ডে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশ এলেই পদক্ষেপকরা হবে।”

সম্মান জ্ঞাপন

গোয়ালতোড়: গোয়ালতোড়ের পিয়াশালা অঞ্চলের ক্ষুদ্র-কাঁটাপাল জুনিয়র হাই মাদ্রাসা স্থাপনে যাঁরা নানা ভাবে সহযোগিতা করেছেন তাঁদের সংবর্ধনা দেওয়া হল। রবিবার মাদ্রাসার পরিচালন কমিটির তরফে এই সংবর্ধনা দেওয়া হয়। ছিলেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ, পরিচালন কমিটির সম্পাদক আখতার আলি খান-সহ অন্যরা। ১৯৯৯ সালে স্থাপিত এই মাদ্রাসায় সরকারি অনুমোদনের পর পঠনপাঠন শুরু হয়েছে। এ দিনের অনুষ্ঠানে অভিভাবক-সহ পড়ুয়ারাও উপস্থিত ছিলেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Railways Garbeta Chandrakona Road Salbani

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy