নাবালিকার বিয়ে রুখে দিলেন নয়াগ্রামের বিডিও বিজয় সরকার। নয়াগ্রাম ব্লকের একটি স্কুলের অষ্টম শ্রেণীর বছর পনেরোর ওই ছাত্রীটি কন্যাশ্রী প্রকল্পের আওতায় রয়েছে। মেয়েটি এবার বার্ষিক পরীক্ষা দিয়েছে। তা সত্ত্বেও জোর করে ওই নাবালিকার বিয়ের ঠিক করেছিলেন অভিভাবকরা।
মেয়েটি বিয়েতে রাজি ছিল না। রবিবার বিশেষ সূত্রে বিডিও খবর পান, সোমবার অন্য গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে মেয়েটির বিয়ের দিন ধার্য হয়েছে। বিয়ের আগেই যৌতুক বিনিময়ও হয়ে গিয়েছে। বিডিও’র নির্দেশে ব্লকের দুই আধিকারিক এ দিন পুলিশ নিয়ে ছুটে যান ওই গ্রামে। প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়। মেয়েটির অভিভাবকরা লিখিত মুচলেকা দিয়ে জানিয়েছেন, নাবালিকা মেয়ের বিয়ে দেবেন না।”
বিডিও বিজয় সরকার বলেন, “এলাকায় বাল্য বিবাহ রোধে কর্মশালা করা হবে। সম্মিলিত ভাবে এই কুপ্রথাকে ঠেকানোর জন্য সব মহলকে এগিয়ে আসতে হবে।”