একশো দিনের কাজ না পেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট
একশো দিনের কাজ না পাওয়ায় সুপারভাইজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা-২ গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাট এলাকায়। খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ এসে বিদ্যুৎ চৌধুরী নামে ওই সুপারভাইজারকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একশো দিনের কাজ পাওয়া নিয়ে গোলমাল শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। অভিযোগ, বেছে বেছে কিছু গ্রামবাসীকে কাজ দেওয়া হচ্ছে। অন্য দিকে কাজ চেয়েও অনেকে তা পাননি। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল। সম্প্রতি কয়েকজন গ্রামবাসী একশো দিনের কাজ চেয়ে পঞ্চায়েতের কাছে আবেদন করেন। কিন্তু তাঁদের কথায় কর্ণপাত করা হয়নি। এ দিন সকালে ওই এলাকায় সুপারভাইজার কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। প্রশাসনকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। একশো দিনের কাজ পাওয়া নিয়েও দুর্নীতির কথা তাঁরা পুলিশকে জানান। এছাড়াও দ্রুত যাতে তাঁরা কাজ পান, সেই দাবিও তাঁরা করেন। যদিও দুর্নীতির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন গ্রামপঞ্চায়েতের প্রধান তৃণমূলের সাধন পাল। তিনি বলেন, “সবাইকে তো এক সঙ্গে কাজ দেওয়া যায় না। তবে সবাই যাতে কাজ পান তার চেষ্টা করা হবে।” হাঁসখালির বিডিও প্রদ্যোৎকুমার হালদার বলেন, “একশো দিনের কাজ পাচ্ছেন না বলে ওই গ্রামবাসীরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। আগামী ২২ অগস্ট এ বিষয়ে তাহেরপুর থানায় গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসা হবে।”
রানাঘাটে জখম ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট
ঘরে ঢুকে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে মারধর করল এক দুষ্কৃতী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধানতলার আড়ংঘাটায়। ওই ছাত্রীকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ছাত্রীর চিৎকারে লোকজন ছুটে এসে ওই দুষ্কৃতীকেও ধরে ফেলে। ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ছেলেকে মারধরে অভিযুক্ত বাবা
ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ঢাকাপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই শিক্ষকের স্ত্রী স্বামীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শান্তিপুরের বাগদেবীপুর প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক প্রায় দিনই মদ খেয়ে বাড়ি ফেরেন। তা নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি হয়। অভিযোগ, এ দিন ওই শিক্ষক মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করেন। বড় ছেলে একাদশ শ্রেণির পড়ুয়া বাবাকে বাধা দিতে গেলে তাকেও মারধর করেন ওই শিক্ষক। তাতে মাথা ফেটে যায় ওই ছাত্রের। তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ওই শিক্ষক।
ছাত্রের মৃত্যু
ছোট গাড়িতে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা বাসের ধাক্কায় মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। করিমপুর পান্নাদেবী কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রের নাম শ্রীমন্ত সরকার (১৯)। তাঁর বাড়ি জলঙ্গি থানার নরসিহপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাড়ি থেকে একটি অতিরিক্ত যাত্রী বোঝাই গাড়িতে জলঙ্গির দিকে যাচ্ছিলেন শ্রীমন্ত। জলঙ্গি-বহরমপুর রাজ্য সড়কে ঘোষপাড়ায় বাসের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। প্রথমে তাঁকে সাদিখাঁড়দেয়াড় গ্রামীণ হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শ্রীমন্তের।
মহিলার মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম জলি দাস (৪২)। বাড়ি কলকাতার হালতু এলাকায়। মঙ্গলবার সকালে পূর্বরেলের লালগোলা-শিয়ালদহ শাখায় বহরমপুর স্টেশন থেকে বলরামপুর হল্ট স্টেশনের মাঝে রেল লাইনের ধারে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জিআরপি’র ওসি সমীরকুমার ঘোষ বলেন, “মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তাঁর মাথার পিছনের দিকে গভীর ক্ষত রয়েছে। সেক্ষেত্রে ট্রেন থেকে পড়ে গিয়ে ওই বিপত্তি ঘটতে পারে। ” জানা গিয়েছে, জলিদেবী দীর্ঘ দিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন। বহরমপুরে তাঁর এক আত্মীয়ের বাড়ি রয়েছে। ওই আত্মীয়ের বাড়িই আসছিলেন তিনি।
দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। আর এক দুর্ঘটনায় জখম হয়েছেন আরও তিন মহিলা। মঙ্গলবার সকালে প্রথম ঘটনাটি ঘটেছে হলদিয়া-ফরাক্কা বাদশাহী সড়কের উপর। খড়গ্রাম থানার আলিনগর মোড়ে রাস্তা পার হচ্ছিলেন তেজেফা বেওয়া (৬৮)। সে সময় একটি ছোট ট্রাক ওই মহিলাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ দিকে বালিয়াহাট গ্রামীণ সড়কে একটি টোটো গাড়ি উল্টে গিয়ে তিনজন জখম হন।
বিদ্যুৎস্পৃষ্টের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মঙ্গলবার সকালে বড়ঞার ঢাকা গ্রামের ঘটনা। মৃত ব্যাক্তির নাম লুতফর রহমান (৫৮)। এ দিন সকালে গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে সেচ পাম্পের তার কেটে ফেলেন লুতফর। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্ত্রী খুনে ধৃত
স্ত্রীকে পাচারের চেষ্টা ও খুনের অভিযোগে সেন্টু মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার বিকেলে ডোমকলের মেহেদিপাড়ার বাড়ি থেকে ওই যুবককে পুলিশ ধরে। তার এক বন্ধুর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কোথায় কী
ফুটবল। তেহট্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ৪টেয় গোষ্ঠ পালের জন্মদিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ। তেহট্ট হাই স্কুলের মাঠে।
জন্ম দিবস। নদিয়ার রানাঘাটের আনুলিয়ায় রাজীব গাধীঁর ৬২তম জন্ম দিবস পালন করবে রানাঘাট-১ ব্লক কংগ্রেস। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, জীবনী নিয়ে আলোচনা, দুস্থদের বস্ত্র ও পড়ুয়াদের পাঠ্য সহায়ক সরঞ্জাম বিতরণও করা হবে।
সাহিত্যআসর। সন্ধ্যা ৬ টায় বেলডাঙা রেল বাজারে অহল্যা লোকসংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে আঞ্চলিক ইতিহাস নিয়ে পত্রিকা প্রকাশের প্রস্তুতিকে কেন্দ্র করে সাহিত্য আসর ও আলোচনাসভা হরিহরপাড়ার চোঁয়ায় বিকেল ৫টায় ‘জঙ্গম’ সাহিত্য পত্রিকার সভা।