Advertisement
E-Paper

প্রেম করে বিয়ে! নদিয়ায় বরের বাড়ি ভাঙচুরের অভিযোগ কনের পরিবারের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে খবর, বুইচা বসাকপাড়ার বাসিন্দা পেশায় স্বর্ণ কারিগর গৌরহরি দাসের সঙ্গে দীর্ঘ দিন ধরেই প্রেমের সম্পর্ক গৌরাঙ্গপল্লির প্রিয়াঙ্কা দাসের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২৩:৪০
ভাঙচুর করা হল বরের বাড়ি।

ভাঙচুর করা হল বরের বাড়ি। নিজস্ব চিত্র।

দু’বছর ধরে প্রণয়ের সম্পর্ক। প্রেমিকার বয়স আঠারো পেরোতেই বিয়ে করেছেন যুগল। তার পরেই ভাঙচুর করা হল বরের বাড়ি। অভিযোগ কনের বাড়ির বিরুদ্ধে। বুধবার গভীর রাতে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা বসাকপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, বুইচা বসাকপাড়ার বাসিন্দা পেশায় স্বর্ণ কারিগর গৌরহরি দাসের সঙ্গে দীর্ঘ দিন ধরেই প্রেমের সম্পর্ক গৌরাঙ্গপল্লির প্রিয়াঙ্কা দাসের। গৌরের পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় হঠাৎ তাদের বাড়ি চলে আসেন প্রিয়াঙ্কা। গৌরকে জোর করে বাড়ি থেকে বার করে নিয়ে যান। তার পর থেকেই আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এলাকায় খবর চাউর হয়ে যায়, যুগল বিয়ে করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুগলের বিয়ের খবর এলাকায় চাউর হয়ে যাওয়ার পরেই প্রিয়াঙ্কার বাড়ির লোকেরা গৌরের বাড়িতে হামলা চালান। ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র ও মোটরসাইকেল। মেয়ের পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গৌরের পরিবার। গৌরের বাবা জোসনা দাস বলেন, ‘‘বাড়িতে ঢুকে অবাধে ভাঙচুর চালিয়েছে। আমরা ভয়ে পালিয়ে ছিলাম। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমরা তো জানিই না ছেলেমেয়েরা কোথায়!’’

প্রিয়াঙ্কা দাসের মা কল্পনা দাস বলেন, ‘‘ভাঙচুরের ঘটনায় আমাদের কেউ যুক্ত নয়। মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়েছে ওঁরা। আইনত ব্যবস্থার দাবি জানাচ্ছি।’’

Nadia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy