সমাজমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় হাসপাতালে চাকরির সুযোগ দেখে অনেকেই যোগাযোগ করছিলেন। কিন্তু বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অর্থ খোয়ালেন চাকরিপ্রত্যাশীরা। কল্যাণী এমসে চাকরির নাম করে প্রতারণার অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ।
ধৃতদের নাম প্রণব মণ্ডল, সাহিল বিশ্বাস, অরিন্দম সাহা এবং অমিত বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, রানাঘাট পুলিশ জেলার ধানতলা থানা এলাকা থেকে বুধবার তাঁদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তেরা টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র দিয়েছিলেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, কল্যাণী এমসে চাকরি দেওয়ার নাম করে একটি বড়সড় প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছিল। মূলত সমাজমাধ্যম ব্যবহার করে তারা প্রতারণার জাল বিছিয়েছিল। গত ২৪ নভেম্বর কল্যাণী সাইবার ক্রাইম থানায় এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কয়েক জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। টাকা লেনদেনের ডিজিটাল সূত্র এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট ধরে তদন্ত চালিয়ে চার যুবককে পাকড়াও করা হয়েছে।
বুধবার রানাঘাট পুলিশ জেলার ডিএসপি (ডি অ্যান্ড টি) আব্দুল কাইয়ুম বলেন, “ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। আমাদের প্রাথমিক অনুমান, এই চক্রের শিকড় আরও গভীরে। এর পিছনে বড় কোনও মাথা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
আরও পড়ুন:
কল্যাণী এমসে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার ঘটনা এই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরেও এমন ঘটনা ঘটেছে। সে বার সগুনা এলাকার কয়েক জনের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় উত্তর ২৪ পরগনার এক বিজেপি নেত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। আবার একই রকমের প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ-প্রশাসনের পরামর্শ, এমন বিজ্ঞাপনী প্রলোভনে পা না দিয়ে ভাল করে যেন খোঁজখবর নেন সকলে।