পাচারের আগে মাদক এবং প্রচুর বাংলাদেশি টাকা উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৯ লক্ষ ৭৬ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ আনুমানিক ১৫ লক্ষ ৮ হাজার ৫৮১ টাকা। বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের ৮৪ নম্বর ব্যাটেলিয়নের বিষ্টুগঞ্জ থেকে ওই টাকা এবং মাদক উদ্ধার হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় গত কয়েক দিন ধরেই ঘোরাফেরা করছিলেন কয়েক জন সন্দেহভাজন। এই খবর পেয়ে বিশেষ দল তৈরি করে বিএসএফ। সোমবার দুপুর নাগাদ সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের নজরে আসে কয়েক জন সন্দেহভাজন ব্যাগ নিয়ে ভারতের দিক থেকে সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়াার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁদের পাকড়াও করার আগেই কোনও ভাবে পালিয়ে যান। ঘটনাস্থলে জওয়ানরা পৌঁছে ব্যাগ থেকে বাংলাদেশি টাকা এবং ৬৫০ গ্রাম মাদক উদ্ধার করে।
আরও পড়ুন:
বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি ( জনসংযোগ) একে আর্য বলেন, ‘‘সীমান্ত পেরিয়ে কোনও রকম চোরাচালান বরদাস্ত করা হবে না। জওয়ানরা এ ব্যাপারে সদা সতর্ক।’’