E-Paper

যোগীকে আমন্ত্রণ মুর্শিদাবাদে

পরিবর্তন যাত্রার ক্ষেত্রে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। নবদ্বীপ শাখার এই পরিবর্তন যাত্রার উদ্বোধন হবে রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি স্টেডিয়াম থেকে ৫ মার্চ সকালে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিজেপির পরিবর্তন যাত্রায় মুর্শিদাবাদে কোনও কেন্দ্রীয় নেতার আসার কথা নেই। তবে বিজেপির জঙ্গিপুর জেলার সভাপতি সুবল চন্দ্র ঘোষ বলেন, ‘‘দলের তরফ থেকে কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেন জঙ্গিপুরের সভায় উপস্থিত থাকেন।’’

তিনি বলেন, ‘‘মুর্শিদাবাদকে বিজেপি সাংগঠনিক ভাবে তিন জেলায় ভাগ করেছে। জঙ্গিপুরে ও কান্দিতে যাত্রার দায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছে আমাকে। সেই মতো প্রস্তুতি শুরু হয়েছে। বহরমপুর ও মুর্শিদাবাদ জেলাতেও চাওয়া হয়েছে দুই মুখ্যমন্ত্রীকে।’’

পরিবর্তন যাত্রার ক্ষেত্রে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। নবদ্বীপ শাখার এই পরিবর্তন যাত্রার উদ্বোধন হবে রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি স্টেডিয়াম থেকে ৫ মার্চ সকালে। সেখানে উদ্বোধন করার জন্য বিজেপি শাসিত রাজ্যের এক মুখ্যমন্ত্রীকে আনতে উঠে পড়ে লেগেছেন স্থানীয় নেতৃত্ব।

তবে তার আগেই রবিবার ১ মার্চ রাজ্যের তিন জায়গা থেকে রাজ্যের ৬টি বিভাগের ৪৩টি সাংগঠনিক জেলায় ঘোরার জন্য ৬টি যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি। ওই দিনই কৃষ্ণনগর থেকে রওনা হয়ে একটি যাত্রা আসার কথা মুর্শিদাবাদের জঙ্গিপুরে।

কৃষ্ণনগরে সেটির উদ্বোধন করবেন বিজেপি শাসিত রাজ্যের এক মুখ্যমন্ত্রী বলে জানান বিজেপির জঙ্গিপুর জেলার সভাপতি সুবল।

তিনি বুধবার সাংবাদিকদের জানান, এই যাত্রা ৪ মার্চ রাতে এসে পৌঁছবে জঙ্গিপুরে। পরদিন ৫ মার্চ সকালে জনসভা দিয়ে শুরু হবে যাত্রা।

তাঁর দাবি, বিজেপির যে ১৫ জন মুখ্যমন্ত্রী রাজ্যে যাত্রায় শামিল হতে আসছেন তাঁদেরই এক জন উপস্থিত থাকবেন জঙ্গিপুরের সেই সভাতেও। যাত্রার সূচনাও করবেন তিনি।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রঘুনাথগঞ্জ থেকে যাত্রা শুরু হয়ে সাগরদিঘি, নবগ্রাম, খড়গ্রাম হয়ে কান্দি যাবে। সেখানেই ৫ মার্চ রাত্রিবাস। পরদিন ৬ মার্চ সকালে সভা ও যাত্রা শুরু বহরমপুরের উদ্দেশে। সে দিন রাত্রিবাস বহরমপুরেই। ৭ মার্চ সকালে রওনা হয়ে মুর্শিদাবাদ (লালবাগ), ভগবানগোলা, রানীনগর, জলঙ্গি, ডোমকল হয়ে নদিয়ার করিমপুরে ঢুকবে যাত্রা।

বিজেপির রাজ্য সম্পাদক শাখারভ সরকার বলেন, “প্রত্যেক জায়গায় থাকবেন কোনও না কোনও কেন্দ্রীয় নেতা এবং একাধিক মুখ্যমন্ত্রী। প্রস্তুতি শুরু হয়েছে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

West Bengal Assembly Election 2026 BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy