ভাগীরথী নদী থেকে এক তৃণমূল নেত্রীর স্বামীর দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল মুর্শিদাবাদের লালগোলায়। খুন করে নদীতে দেহ ফেলে দেওয়ার অভিযোগ করছে পরিবার। ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল ১১টা নাগাদ রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুর এলাকায় ভাগীরথী থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। পরে মৃতের পরিচয় জানা যায়। মৃতের নাম নজির শেখ (৪৯)। তিনি লালগোলা ব্লকের তৃণমূল নেত্রী হাসেন বানু বিবির স্বামী।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার ফকিরপাড়া এলাকার বাসিন্দা নজির রবিবার দুপুর আড়াইটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের সদস্যেরা জানিয়েছেন, সাধারণত তিনি সাইকেল নিয়ে যাতায়াত করতেন। তবে রবিবার তিনি সাইকেল নিয়ে যাননি। হেঁটে বেরিয়েছিলেন। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজখবর। রাত ৮টা ৪০ মিনিট নাগাদ রঘুনাথগঞ্জ এলাকায় একটি সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে দেখা যায়।
সোমবার সকালে বৈকুণ্ঠপুর এলাকায় নদীতে একটি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়েরা। পরে পরিবারের লোকেরা গিয়ে ছবি দেখে দেহ শনাক্ত করেছেন। মৃতের পুত্র নাদিম শেখের অভিযোগ, ‘‘বাবাকে শ্বাসরোধ করে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।’’ তিনি জানান, এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন তাঁর বাবা। আবার স্থানীয় সূত্রে খবর, এলাকায় কোন গোলমাল বা অশান্তি হলে সালিশি সভা বসিয়ে সমাধানে বসতেন নজির। সেই সূত্রেই কারও সঙ্গে শত্রুতা তৈরি হয়ে থাকতে পারে বলে সন্দেহ পরিবারের।
আরও পড়ুন:
প্রৌঢ়ের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। নিছক দুর্ঘটনা না নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আবার রাজনৈতিক কোনও সংঘাতের জেরে এই মৃত্যু কি না, সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।