এই গরমে সজনের ডাঁটা দিয়ে পাতলা ঝোল শরীরের পক্ষে উপকারী। সজনের ডাঁটা দিয়ে শুক্তোও খেতে ভাল লাগে। কিন্তু বাজারে সজনের ডাঁটার দাম চড়া। তাই কেনাকেনির মধ্যে না গিয়ে নিজের বাড়ির চৌহদ্দিতেই লাগিয়ে ফেলুন সজনে গাছ। বৃক্ষ জাতীয় এই গাছ লাগানোর জন্য নির্দিষ্ট কোনও জমির দরকার হয় না। বাড়ির আনাচে-কানাচে, জলাশয়ের ধারে, রাস্তার দু’পাশে উর্বর হোক বা অনুর্বর—একটু জায়গা পেলেই হল। পুরনো গাছের ডাল কেটে লাগিয়ে দিন এই বেলা। বিশেষ যত্নও নিতে হবে না। টুকটাক— গোড়ায় জল দেওয়া, ছাগল বা গবাদি পশু চারা খেয়ে গেল কি না, সেদিকে নজর রাখা—এটুকুই।
সজনে গাছ লাগানোর এটাই সময়। সজনে ডাঁটা পেড়ে ফেলার পর গাছের ডালপালা ছেঁটে দিতে হয়। এই ছাঁটা ডালকে অন্যত্র নিয়ে গিয়ে পুঁতে দিলেই নতুন চারা পাওয়া যাবে। গর্ত করে এক ঝুড়ি গোবর সার দিয়ে গাছের ডাল পুঁতে ফেলতে হবে। দেড় থেকে দু’মাসের মাথায় ডালে কচি পাতা বার হয়। তিন-চার মাসের মাথায় শাখাপ্রশাখা ছড়িয়ে মাথাচাড়া দেবে গাছ। পৌষ-মাঘ মাসে সজনে গাছে ফুল ফোটে। এক কেজি ফুল ৬০-৭০ টাকায় বিক্রি হয়। ফুল থেকে এক মাসের মধ্যে সরু সুতোর মতো ডাঁটা বের হয় (সজনে ডাঁটা নামে যেটা আমরা খাই, তা গাছের ফল, কুমড়ো বা লাউ ডাঁটার মতো কাণ্ড নয়)। নরম ডাঁটা কেজি প্রতি ১০০-১২০ টাকায় বিক্রি হয়। চৈত্র-বৈশাখ মাসে প্রমাণ আকারের ডাঁটা হয়। এই ডাঁটার দামও কম নয়। গাছ থেকে ডাঁটা পাড়া হয়ে গেলে ডাল ছেঁটে ফেলতে হবে। ফের পুরনো গাছে নতুন করে পাতা, ফুল ও ফল হবে। এই সময় আর একটু জায়গা বার করে ছাঁটা ডালগুলিকে পুঁতে দিন। সজনের চাষ যথেষ্ট লাভজনক। খেয়ে কুলিয়ে না উঠতে পারলে বেচে দেবেন। লেখক: বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।