নিজের ফ্ল্যাটটি পর্যটকদের কাছে স্বল্প অথবা দীর্ঘ মেয়াদে ভাড়া দেওয়ার জন্য সুপরিচিত একটি পরিষেবা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন এক তরুণী। সেই সংস্থার মাধ্যমে এক পর্যটকের খোঁজও পেয়েছিলেন তিনি। দিন কয়েকের মধ্যে সেই অতিথি পর্যটককে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন তরুণী। নির্দিষ্ট মেয়াদ ফুরিয়ে গেলে ভাড়া মিটিয়ে চলে যান অতিথি। তার পর ফ্ল্যাটে ঢুকে চমকে যান তরুণী। দরজা খুলতেই নাকে দুর্গন্ধ ভেসে আসে তাঁর। ঘরের ভিতরে ঢোকার মুহূর্তে চোখ ছানাবড়া হয়ে যায় তরুণীর। অতিথিরা ফ্ল্যাটের যা অবস্থা করে গিয়েছেন, তা দেখে মাথায় হাত পড়ে তরুণীর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সিদ্ধার্থ’স একেলন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় আবর্জনায় ভরা একটি ফ্ল্যাটের অন্দরমহলের দৃশ্য তুলে ধরেছেন এক তরুণী। একটি পরিষেবা সংস্থার মাধ্যমে তাঁর ফ্ল্যাটে কয়েক দিনের জন্য এক অতিথি এসে থেকেছিলেন। সেই অতিথি ভাড়া মিটিয়ে চলে গেলে ঘরদোরের অবস্থা দেখার জন্য তরুণী ফ্ল্যাটে যান। তরুণীর দাবি, ফ্ল্যাটের দরজা খুলতেই তাঁর নাকে দুর্গন্ধ ভেসে আসে। ঘরের চারদিক দেখে তিনি দু’জন সাফাইকর্মীকে ডাকেন। কিন্তু ঘরের অবস্থা দেখে তা পরিষ্কার করতে আপত্তি জানিয়ে দেন তাঁরা।
অগত্যা অন্য এক জনের সঙ্গে যোগাযোগ করেন তরুণী। দু’জন মিলে সারা ঘর পরিষ্কার করেন। অভিযোগ, ঘর পরিষ্কার করতে গিয়ে মাথা যেন খারাপ হয়ে গিয়েছিল তরুণীর। ঘরের যত্রতত্র পানীয়ের খালি বোতল ছড়ানো। চিপ্সের ফাঁকা প্যাকেট থেকে শুরু করে খাবারের উচ্ছিষ্ট ছড়ানো ছিল মেঝেয়। সোফার আসনগুলিও নোংরা। দেওয়ালের একটি পোস্টারও ‘চুরি’ গিয়েছে।
আরও পড়ুন:
তরুণী জানান, ঘর নোংরা করে রাখার জন্য অতিথির কাছে জরিমানা ধার্য করতে চাইলে তরুণীকেই পাল্টা কথা শুনিয়ে দেন তিনি। ঘর নোংরা করার দায়ও অস্বীকার করেন। এই ভিডিয়োটি দেখে নেটপাড়ায় সমালোচনার বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নিজের বাড়ি নিশ্চয়ই এত নোংরা করে রাখেন না! তা হলে অন্যের বাড়িতে কিছু দিনের অতিথি হয়ে থাকতে এসে এত আবর্জনা করলেন কেন? তরুণীর উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা।’’