Advertisement
E-Paper

উত্তরের ১২টি জয়ী আসন ধরেই রেখে দিল কংগ্রেস

উত্তরবঙ্গের সাত জেলায় প্রথম দফায় ১৬টি আসনে লড়াই করার কথা ঘোষণা করে দিল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আসনগুলির কথা বললেও, প্রার্থীদের নাম বলেননি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ০৩:৫৫

উত্তরবঙ্গের সাত জেলায় প্রথম দফায় ১৬টি আসনে লড়াই করার কথা ঘোষণা করে দিল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আসনগুলির কথা বললেও, প্রার্থীদের নাম বলেননি।

এই ১৬টি আসনের মধ্যে গত বিধানসভা ভোটে কংগ্রেস ১২টি আসনে জিতেছিল। এর বাইরেও এ বার তুফানগঞ্জ, কালচিনি, ইসলামপুর, চাঁচলে কংগ্রেস প্রার্থী দেওয়ার কথা জানাল। কংগ্রেস জেতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আসনটি এদিন অধীর চৌধুরীর তালিকায় জায়গায় পায়নি। ওই দু’টি আসনে কংগ্রেস এ বারও লড়বে না বামেদের অন্য আসনের বদলে ছেড়ে দেবে, তা এখনও স্পষ্ট নয়। অধীর অবশ্য জানিয়েছেন, এর বাইরে অন্তত ২৫টি আসনে কংগ্রেস লড়াই করতে চায়। যার মধ্যে কম পক্ষে ১৫টি আসন নিয়ে জটিলতা রয়েছে।

কংগ্রেস সূত্রের খবর, ২০১১ সালে তৃণমূলের জোটসঙ্গী হয়ে কংগ্রেস কোচবিহারে মেখলিগঞ্জ, উত্তর দিনাজপুরের চাকুলিয়া এবং দার্জিলিং পাহাড়ের তিনটি আসনে লড়েছিল। এ বার পাহাড়ে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। তবে মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়াতে কংগ্রেস লড়বে। এই দু’টি আসনেই গতবার কংগ্রেস জিতেছিল।

গত বার উত্তরবঙ্গে ১৭টি আসনে কংগ্রেস প্রার্থীরা জিতেছিলেন। আর চোপড়ার নির্দল প্রার্থীকে সমর্থন করেছিল কংগ্রেস। পরে, চোপড়ার হামিদুর রহমান তৃণমূলে যোগ দেন। ওই জেলারই গোয়ালপোখরের কংগ্রেস বিধায়ক গোলাম রব্বানি শাসক দলে নাম লেখান। গোয়ালপোখরে আবার এ বার কংগ্রেস লড়ছে। মালদহের তিন বিধায়ক শাসক দলে নাম লিখিয়েছিলেন। এ দিনের তালিকা অনুসারে, সেই তিনটি আসনের মধ্যে এ বার কেবল সুজাপুরে লড়বে কংগ্রেস। জেলার ১২টি আসনের মধ্যে ৫টি আসনে লড়ার কথা বলেছে কংগ্রেস। মালদহ জেলা কংগ্রেসের সভানেত্রী মৌসম নূর বলেছেন, ‘‘আসন রফা নিয়েই আলোচনা চলছে। আমরা আরও কয়েকটি আসনে লড়তে চাই বলে রাজ্য নেতৃত্বকে জানিয়েছি।’’

দক্ষিণ দিনাজপুরে কোনও আসনের নামই অধীর বলেননি। জেলা নেতারা হরিরামপুর, কুশমন্ডি এবং কুমারগঞ্জে লড়তে চান। কিন্তু এই তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, ‘‘আমরা অন্তত ২টি আসন চেয়েছিলাম। তা না পেলে বন্ধুত্বপূর্ণ লড়াই করব।’’

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর কথায়, ‘‘করণদিঘি ও চাকুলিয়ায় দল শক্তিশালী হয়েছে ঠিকই। তবে আমরা ওই দুটি আসনে ত্যাগ স্বীকার করছি।’’ তেমনই, জলপাইগুড়ির জেতা আসনটি নিয়ে আলোচনার মধ্যেই ফরওয়ার্ড ব্লককে রাজগঞ্জ আসনটি দেওয়া হতে পারে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy