রাজ্যে আরও এক বুথ লেভেল আধিকারিকের (বিএলও) মৃত্যু। আবার মালদহ জেলা। পরিবারের দাবি, মানসিক চাপে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন উৎপল থোকদার। চাঁচল ব্লকের নদাপাড়া এলাকার বাসিন্দা সেখানকার ৯৩ নম্বর বুথের বিএলও হিসাবে এসআইআরের কাজ করছিলেন।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, উৎপল যে বুথের বিএলও সেখানকার প্রায় ১১০ জনের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। পরিবারের দাবি, সে জন্য মানসিক চাপে ছিলেন উৎপল। সাধারণ ভোটাররা নিয়মের মারপ্যাঁচ বোঝেন না। তাঁরা ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ হওয়ায় উৎপলকেই দায়ী করেন। বিএলও-র এক আত্মীয়ের কথায়, ‘‘গত কয়েক দিন ধরেই প্রবল মানসিক চাপে ছিলেন উনি। এসআইআরের চাপে এই পরিস্থিতি। শেষে হৃদ্রোগে মারা গেলেন উনি।’’ তবে এ নিয়ে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে খবর।
আরও পড়ুন:
গত কয়েক সপ্তাহের মধ্যে মালদহে দু’জন বিএলও মারা গিয়েছেন। মালদহের কালিয়াচকের বাসিন্দা স্কুলশিক্ষক আবুল বরকত এবং কালিয়াচক হাই স্কুলের শিক্ষক আনিকুল আলমও হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। স্থানীয়দের একাংশের দাবি, সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিবেচনাধীন’ তালিকায় থাকার ফলে চাপ বাড়ছে বিএলও-দের উপর। আবুল যে বুথের বিএলও ছিলেন, সেখানে ভোটার সংখ্যা কমবেশি ১৩০০। তার মধ্যে ৮৫০ জনের নামই চূড়ান্ত তালিকায় ‘বিবেচনাধীন’। ওই নিয়ে ভোটারদের চাপের মুখে পড়েন বিএলও।