E-Paper

ব্রিগেড যেতে আটটিট্রেন ভাড়া বিজেপির

মঙ্গলবার মালদহে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়ে গিয়েছে। পরিবর্তন যাত্রা শেষ হতেই ব্রিগেড নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে দলে।

অভিজিৎ সাহা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৯:০১
দেওয়াল লিখছেন বিজেপির উত্তর মালদহের সভাপতি প্রতাপ সিংহ।

দেওয়াল লিখছেন বিজেপির উত্তর মালদহের সভাপতি প্রতাপ সিংহ। নিজস্ব চিত্র ।

ট্রেন-পিছু ভাড়া সাড়ে পাঁচ থেকে ছ’লক্ষ টাকা। গৌড়বঙ্গ থেকে কলকাতার ব্রিগেডে জমায়েতের জন্য বিপুল খরচে আটটি স্পেশাল ট্রেন ভাড়া নিচ্ছে বিজেপি। ১৩ মার্চ সন্ধে থেকে মালদহ ও দুই দিনাজপুরের আটটি স্টেশন থেকে হাজার তিরিশেক কর্মী-সমর্থক নিয়ে ট্রেনগুলি ছাড়বে, দাবি বিজেপি নেতৃত্বের। বুধবার পুরাতন মালদহের দেওয়াল লিখন করে ব্রিগেডের প্রচার শুরু করেন বিজেপির নেতা-নেত্রীরা। বিজেপির ব্রিগেড কর্মসূচিকে কটাক্ষ করে সরব বিরোধীরা। যদিও বিরোধীদের আমল দিতে নারাজ গেরুয়া শিবির।

মঙ্গলবার মালদহে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়ে গিয়েছে। পরিবর্তন যাত্রা শেষ হতেই ব্রিগেড নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে দলে। বিজেপির দাবি, ১৪ মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় ৩০ হাজার কর্মী এবং সমর্থক জমায়েত হবেন। তাই গৌড়বঙ্গের চারটি সাংগঠনিক জেলার জন্য আটটি স্পেশাল ট্রেন ভাড়া নেওয়া হচ্ছে। উত্তর মালদহে হরিশ্চন্দ্রপুর ও গাজল, দক্ষিণ মালদহে মালদহ টাউন স্টেশন ও ফরাক্কা, উত্তর দিনাজপুরে ডালখোলা ও রাধিকাপুর এবং দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট ও গঙ্গারামপুর স্টেশন থেকে ওই স্পেশাল ট্রেনগুলি ছাড়বে। বিজেপির দাবি, প্রতিটি ট্রেনে ১৭টি করে কামরা থাকবে। ট্রেনে কর্মী-সমর্থকদের মধ্যে মুড়ি, শসা, চানাচুর, চিড়ে ও গুড় বিলি করা হবে।

বিজেপির ব্রিগেড কর্মসূচিতে ট্রেন-ভাড়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গৌড়বঙ্গের রাজনীতিতে। রেল সূত্রে জানা গিয়েছে, সাধারণ কামরাযুক্ত স্পেশাল ট্রেনগুলির ভাড়া সাড়ে পাঁচ থেকে ছ’লক্ষ টাকা। আটটি ট্রেনের ভাড়া বাবদ খরচ প্রায় ৫০ লক্ষ টাকা। বিধানসভা ভোটের কারণেই কি বিপুল টাকা খরচ করে ব্রিগেডের জন্য ট্রেন ভাড়া নেওয়া হচ্ছে? বিজেপির ব্রিগেড কর্মসূচির গৌড়বঙ্গের প্রমুখ শ্যামচাঁদ ঘোষ বলেছেন, “মহিলারা, সাধারণ যাত্রীদের সুবিধার্থে পৃথক ভাবে বিজেপির এই কর্মসূচির জন্য স্পেশাল ট্রেন ভাড়া নেওয়া হয়েছে।” যদিও খরচ প্রসঙ্গে তিনি কোনও রকম মন্তব্য করতে চাননি।

এ দিন দক্ষিণ মালদহের সাংসদ কংগ্রেসের জেলা সভাপতি ইশা খান চৌধুরী বলেছেন, “উৎসবের মরসুম স্পেশাল ট্রেন না মিললেও বিজেপির রাজনৈতিক কর্মসূচির জন্য তা দেওয়া হচ্ছে। মানুষই এর জবাব দেবেন।” তাঁকে সমর্থন করে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, “বিজেপির কাছে প্রচুর কালো টাকা। সে টাকা খরচ করে ওরা ভোট কেনার চেষ্টা করছে।” এ নিয়ে মন্তব্য করতে চাননি পূর্ব রেলের মালদহ জেলার আধিকারিকেরা। তবে শ্যামচাঁদ বলেন, “তৃণমূল, কংগ্রেস শত চেষ্টা করেও রাজ্যে পরিবর্তন ঠেকাতে পারবে না।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Malda BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy